গুগল নিয়ে চলচ্চিত্র'দ্য ইন্টার্নশিপ'!

ফেসবুক তৈরির কাহিনি নিয়ে তৈরি ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ চলচ্চিত্রটির কথা অনেকেরই নিশ্চয় মনে আছে। এবারে অনুসন্ধান সেবাদাতা গুগলকে নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘দ্য ইন্টার্নশিপ’।
যুক্তরাষ্ট্রে কমেডি ধাঁচের এ চলচ্চিত্রটি মুক্তি পেতে পারে ৭ জুন। তবে এ চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, এটা মোটেও ফেসবুকের মতো হবে না। এক খবরে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
‘দ্য ইন্টার্নশিপ’ চলচ্চিত্রটি নির্মাণ করেছে ফক্স প্রোডাকশন আর চলচ্চিত্রটি নির্মাণে খরচ হয়েছে পাঁচ কোটি মার্কিন ডলারেরও বেশি অর্থ।
গুগলে যাঁরা কাজ করেন তাঁদের জীবন, গুগলের কর্ম পরিবেশসহ নানা বিষয়ই উঠে এসেছে এ চলচ্চিত্রে। গুগলকে তুলে ধরা হয়েছে এখানকার কর্মীদের উন্নত কর্ম পরিবেশ নিশ্চিতকারী একটি প্রতিষ্ঠান হিসেবে। চলচ্চিত্রটি নির্মাণের নানা ক্ষেত্রে সক্রিয়ভাবে অংশ নিয়েছে গুগল। চলচ্চিত্রটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন গুগলের প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন স্বয়ং।