গুগল প্লাস সামাজিক যোগাযোগের সাইট নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্চ ইঞ্জিন গুগলের সামাজিক যোগাযোগের সাইট গুগল প্লাস চালু হওয়ার পর থেকেই জনপ্রিয়তা পাচ্ছে। তবে গুগল প্লাস বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকের মতো নয় বলে জানিয়েছে গুগল। সম্প্রতি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। গুগলের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা নিকেশ আরোরা বলেন, ‘গুগল প্লাস এমন একটি মাধ্যম যা দ্বারা ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর সেবা পাবেন। এ থেকে সহজে ইউটিউবে ভিডিও দেখা থেকে শুরু করে যোগাযোগের নানা মাধ্যমে যুক্ত হওয়া যাবে।’ তিনি জানান, ‘আমরা আমাদের পণ্যগুলোকে ব্যবহারকারীর কাছে সহজে পৌঁছাতে চাইছি। আর তাই গুগল প্লাসকে একটি নির্দিষ্ট সাইটের সরাসরি সামাজিক যোগাযোগের সাইট বলা যায় না।’ তবে গুগল প্লাসের বেশ কিছু বৈশিষ্ট্য ফেসবুকের সঙ্গে মিল রয়েছে। তবে এ মিলগুলোকে ব্যবহারকারীদের সুবিধার্থেই রাখা হয়েছে বলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি নানা ধরনের সামাজিক পণ্যগুলোর ওপর বেশ জোর দিচ্ছে। অতিসম্প্রতি গুগলের প্রধান নির্বাহী ল্যারি পেজ সামাজিক যোগাযোগ সম্পর্কিত পণ্যগুলোর সফলতার ওপর কর্মীদের প্রায় ২৫ শতাংশ বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন। আর তাই এ ধরনের পণ্য ব্যবহারকারীদের বেশি ব্যবহারের সুযোগ করে দিতেই গুগল প্লাসের আগমন বলে মনে করা হচ্ছে এবং এ ক্ষেত্রেও যত বেশি ব্যবহারকারী গুগল প্লাসে যুক্ত হবেন, এসব পণ্য ব্যবহারের সুযোগ ততই বাড়বে। বর্তমানে প্রায় চার কোটি গ্রাহক নিয়ে এগিয়ে চলছে গুগল প্লাস। প্রতিনিয়ত এর যেমন নতুন ব্যবহারকারী যুক্ত হচ্ছেন, তেমনি নিয়মিত ব্যবহারকারীও বাড়ছে। গুগল সামাজিক যোগাযোগভিত্তিক পণ্যগুলো ব্যবহারকারীদের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের সেবা চালু করেছে যা তাদের পণ্যের প্রচারণার একটি বড় ক্ষেত্র। নিজেদের পণ্যের প্রসার বাড়াতে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আশফাক আলম