গুগল প্লাসে ওবামার পাতায় শত শত চীনার মন্তব্য
সার্চ ইঞ্জিন গুগলের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট গুগল প্লাসের পাতায় মন্তব্য করেছেন শত শত চীনা ইন্টারনেট ব্যবহারকারী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার পাতায় মন্তব্য পড়েছে বেশি। চীনে ইন্টারনেট ব্যবহারের ওপর যে বিধিনিষেধ রয়েছে, তার কোনো দুর্বলতার সুযোগে মন্তব্য করতে পেরেছেন ওই চীনা নাগরিকেরা।ইন্টারনেটে সাধারণত মানবাধিকার ও মার্কিন গ্রিন কার্ড পাওয়ার বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ রয়েছে চীনা কর্তৃপক্ষের। এ কড়াকড়ির আওতায় গত বছর চালু হওয়া গুগল প্লাস শুরু থেকেই চীনে ব্লক করে রাখা হয়।তবে চীনা ইন্টারনেট ব্যবহারকারীরা জানিয়েছেন, কয়েক দিন ধরেই তাঁরা অপ্রত্যাশিতভাবে গুগল প্লাসে প্রবেশ করতে সক্ষম হচ্ছেন। অবশ্য কম্পিউটারে নয়, শুধু মুঠোফোনেই গুগল প্লাসে প্রবেশ করা যাচ্ছে বলে তাঁরা গতকাল রোববার জানিয়েছেন। চীনা ইন্টারনেট ব্যবহারকারীরা মূলত গুগল প্লাসে প্রেসিডেন্ট ওবামার পাতায় বেশি মন্তব্য করেছেন। একজন ওবামার পাতায় ইংরেজিতে লিখেছেন, ‘কেন চীনারা এখানে আসছে, তার অর্থ অনেকেই বোঝে না। আমরা যুক্তরাষ্ট্রের জনগণ, তাদের গণতন্ত্র ও স্বাধীনতাকে ঈর্ষা করি।’ আরেকজন লিখেছেন, ‘আমরা বর্বর লোক নই, আমরা নির্যাতিত।’ অনেকেই আবার চীনকে ‘মুক্ত’ করতে প্রেসিডেন্ট ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন।এসব মন্তব্য ঠিক চীনের ভেতর থেকেই করা হয়েছে কি না, তা প্রমাণ করা কঠিন। তবে অধিকাংশ মন্তব্যই সাধারণ মান্দারিন হরফে লেখা, যেটা চীনের মূল ভূখণ্ডে ব্যবহার করা হয়ে থাকে। হংকংয়ে এ জাতীয় হরফ ব্যবহার করা হয় না। —এএফপি অবলম্বনে হারুণ অর রশিদ