গুগল প্লাসে পছন্দমতো নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একেবারে শুরু থেকেই গুগল প্লাস তার ব্যবহারকারীদের বিশেষ কিছু সুবিধা দেওয়ার চেষ্টা করছে। পরিসংখ্যান অনুযায়ী গুগল প্লাসে ব্যবহারকারীর সংখ্যাও বাড়ছে বেশ দ্রুত। আর সামাজিক যোগাযোগের ওয়েবসাইট হিসেবে ফেসবুকের সঙ্গে স্বভাবতই তুলনা চলে আসে। গুগল প্লাস চালু হওয়ার প্রথম থেকেই এর ব্যবহারকারীদের অন্যতম চাহিদা ছিল প্রোফাইল এবং পেজগুলোর জন্য সংক্ষিপ্ত ইউআরএল ব্যবহারের সুবিধা যোগ করা। সম্প্রতি গুগল বেশ কিছু ব্যবহারকারী এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য সংক্ষিপ্ত আকারের ইউআরএল ব্যবহারের সুবিধা চালু করেছে। যেমন টয়োটা কোম্পানির গুগল প্লাস প্রোফাইলের লিংক হবে www.google.com/+toyota।নতুন এই বৈশিষ্ট সম্পর্কে গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে যে বর্তমানে নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর জন্য এই বৈশিষ্ট্যটি চালু করা হলেও এটি গুগল প্লাসের সব ব্যবহারকারীর জন্যই উন্মুক্ত করা হবে। বর্তমানে গুগল প্লাস ব্যবহারকারীর প্রোফাইল ইউআরএল হিসেবে ব্যবহারকারীর বেশ বড় আকারে আইডি দেখানো হয়। এমনকি এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের পেজ বা বিষয়ভিত্তিক পেজগুলোর জন্যও একই পদ্ধতি ব্যবহার করা হয়। প্রোফাইল আইডির বড় আকারের সংখ্যাটি স্মরণ রাখাও বেশ কষ্টকর। যার ফলে খুব অল্পসংখ্যক প্রতিষ্ঠানই নিয়মিতভাবে বিজ্ঞাপনের ক্ষেত্রে গুগল প্লাস প্রোফাইলটি ব্যবহার করত। এখানে উল্লেখ্য, ফেসবুক ২০০৯ সালে প্রথম এই ধরনের বৈশিষ্ট্যটি চালু করেছিল। এবং সেই সময় থেকেই ব্যবহারকারীরা বিশেষত বিভিন্ন পেজের জন্য এই ধরনের ছোট আকারের ইউআরএল তৈরির বিষয়টি ব্যাপক জনপ্রিয়তা পায়। —টেক ক্রাঞ্চ অবলম্বনে নাসির খান