গুগল প্লাসের ব্যবহারকারী ১৭ কোটি!
বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট গুগল প্লাসের ব্যবহারকারী ১৭ কোটি ছাড়িয়েছে! সম্প্রতি গুগল প্লাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে এগিয়ে যেতে নানা ধরনের কার্যক্রম শুরু করেছে গুগল প্লাস। জনপ্রিয়তা বাড়াতে বর্তমানে গুগল প্লাসে যুক্ত হয়েছে নানা ধরনের নতুন বৈশিষ্ট্য। নতুন রূপের এ গুগল প্লাসে যুক্ত হয়েছে কাভার ফটো, সর্বোচ্চ আলোচিত বিষয়গুলো নিয়ে সূচি, ডাইনামিক নেভিগেশন মেন্যু ইত্যাদি। হবে এসব বৈশিষ্ট্য ইতিমধ্যে ফেসবুক এবং মাইক্রোব্লগিং সাইট টুইটারে রয়েছে বলে অভিযোগ করেছেন অনেকে। অনেকে এসব সুবিধা নকলের অভিযোগও তুলেছেন।গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিক গুনদর্তা জানিয়েছেন, গুগল প্লাসকে জনপ্রিয় করতে এ উদ্যোগগুলো শুরুর পর্যায়ের উদ্যোগ। শুধু গ্রাহকের বিচারে নয়, পৃষ্ঠা বিন্যাস আর নতুন নানা ধরনের বৈশিষ্ট্যের ফলে গুগল প্লাস এখন আরও সৃজনশীল, সহজ আর সুন্দর। ব্যবহারকারীদের দারুণ সব অভিজ্ঞতা দিতে এতে আরও নানা ধরনের সুবিধা যুক্ত হবে বলেও জানান তিনি। নানা ধরনের নতুন বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে পূর্ণ আকার ও মানের ভিডিও এবং ছবি দেখার সুবিধা। সহজে আলাপচারিতা চালিয়ে যাওয়ার জন্য গুগলের জিমেইলের মতো রয়েছে বিশেষ সুবিধা। প্রতিনিয়ত গুগলের নানা ধরনের উদ্যোগকে গুগল প্লাসের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দারুণ ব্যাপার বলে মানছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, বর্তমানে ফেসবুকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে টিকে থাকতে হলে ব্যবহারকারীদের আরও নানা আকর্ষণীয় সেবা দিতে হবে। তবেই হয়তো ব্যবহারকারীরা আরও আকৃষ্ট হবেন গুগল প্লাসে। —দি টেলিগ্রাফ অবলম্বনে কাজী আশফাক আলম