গুগল প্লাসের 'প্রয়োজন' শেষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুগল প্লাস
গুগল প্লাস

গুগলের মেইল সেবা থেকে শুরু করে ইউটিউব পর্যন্ত সবক্ষেত্রেই গুগল প্লাস ব্যবহারের যে বাধ্যবাধকতা ছিল তা আর থাকছে না। গুগল ব্যবহারকারীদের মতামতকে গুরুত্ব দিয়েই গুগলের সেবাগুলো থেকে গুগল প্লাসের বাধ্যবাধকতা উঠিয়ে দিচ্ছে গুগল।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগল প্লাসের ব্যবহার সংক্রান্ত যে খবরের জন্য অনেকেই অপেক্ষা করছিলেন অবশেষে সেই খবর দিল গুগল। গুগলের সব পণ্য বা সেবা ব্যবহারের জন্য গুগল প্লাস প্রোফাইল যে পরিচয়পত্র হয়ে দাঁড়িয়েছিল তা থেকে মুক্তি দিচ্ছে গুগল। শিগগিরই গুগল প্লাস অ্যাকাউন্ট থেকে অন্য সেবাগুলো আলাদা করে ফেলবে গুগল। ইউটিউব দিয়ে শুরু করছে এই উদ্যোগ। অর্থাৎ, ইউটিউব ব্যবহারে আর গুগল প্লাস লাগবে না। অবশ্য, গুগল প্লাসের বাধ্যবাধকতা না রাখলেও এখনই গুগল প্লাস সেবাটিকে বন্ধ করছে না গুগল কর্তৃপক্ষ।
গুগলের স্ট্রিমস, ফটোজ ও শেয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট ব্র্যাডলি হরোউইজ বলেন, গুগল ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে এই পরিবর্তন আনা হচ্ছে। ব্যবহারকারীরা গুগলকে জানিয়েছে, গুগলের সেবা ব্যবহারের জন্য গুগল প্লাস প্রোফাইল থাকতেই হবে এর কোনো মানে হয় না। আমরা গুগল ব্যবহারকারীদের মতামতকে গুরুত্ব দিয়েছি।
হরোউইজ বলেন, এখন থেকে গুগলের মেইল অ্যাকাউন্ট ব্যবহার করেই গুগলের সব সেবা উপভোগ করা যাবে। কনটেন্ট শেয়ার, মেইল যোগাযোগ, ইউটিউব চ্যানেল তৈরির মতো কাজে গুগল প্লাসের দরকার পড়বে না। গুগল প্লাসের মতো গুগল অ্যাকাউন্ট সার্চ করে পাওয়া যাবে না। যাঁরা গুগল প্লাস অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু গুগল প্লাস ব্যবহার করতে চান না তাঁদের গুগল প্লাস অ্যাকাউন্টটি ব্যবস্থাপনা ও মুছে ফেলার সুযোগ দেবে গুগল। প্রসঙ্গত, মেইল বা গুগলের সেবার ক্ষেত্রে গুগল প্লাস অনেকটা বাধ্যতামূলক করায় অনেকে অনিচ্ছা স্বত্বেও গুগল প্লাস অ্যাকাউন্ট করতে বাধ্য হয়েছিলেন।

হরোউইজ বলেন, পরিবর্তন আনার ফলে যাঁরা গুগল প্লাস পছন্দ করেন আর যাঁদের জোর করে গুগল প্লাস অ্যাকাউন্ট খোলানো হয়েছে তাদের মধ্যে পার্থক্য বোঝা যাবে।
গুগল প্লাস বাধ্যতামূলক না থাকায় ইউটিউবের ওপর এর প্রভাব পড়বে। গুগল প্লাসের মন্তব্য ইউটিউবে দেখা যাবে না বা ইউটিউবের মন্তব্য গুগল প্লাসে শেয়ার হবে না।
হরোউইজ জানিয়েছেন, গুগল এখন স্ট্রিমস, ফটোজ ও শেয়ারিং বিষয়ে গুরুত্ব দেবে। গুগল প্লাস পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরিবর্তে আরও উন্নত ও সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম হিসেবে উন্নত অভিজ্ঞতা দিতে কাজ করবে। গুগল প্লাসের যেসব ফিচার দরকারি সেসব ফিচার আনা হবে আর অপ্রয়োজনীয় ফিচারগুলোকে সরানো হবে। গুগল প্লাসকে সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম হিসেবেই চালানো হবে।
প্রসঙ্গত, ২০১১ সালে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে ফেসবুকের প্রতিদ্বন্দ্বী হিসেবে গুগল প্লাস উন্মুক্ত করে গুগল। গুগল প্লাস জনপ্রিয় করতে গুগলের সেবা পেতে এই প্ল্যাটফর্মটি ব্যবহার বাধ্যতামূলক করা হয়। বর্তমানে ৫০ কোটির বেশি ব্যবহারকারী গুগল প্লাস ব্যবহার করছে। অন্যদিকে ফেসবুক ব্যবহারকারী সংখ্যা ১৪০ কোটিরও বেশি।