গুগল প্লেতে ২০০ কোটি ডাউনলোড!
বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের অনলাইন দোকান গুগল প্লে (https://play.google.com) থেকে ২০০ কোটি ডাউনলোড হয়েছে। সম্প্রতি গুগল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ডাউনলোডের এ রেকর্ড উপলক্ষে গুগল জনপ্রিয় কিছু অ্যাপসে বিশেষ ছাড়েরও ঘোষণা দিয়েছে। এ ছাড়া ২০০ কোটি উপলক্ষে ২৫টি জনপ্রিয় চলচ্চিত্র, ২৫টি সেরা বই, ২৫টি জনপ্রিয় গানের অ্যালবাম, সবচেয়ে বেশি বিক্রীত ২৫টি ম্যাগাজিনের বিভাগ করেছে গুগল। নতুন এ রেকর্ডের পাশাপাশি গুগল পরবর্তী ২০০ কোটি ডাউনলোডের পথে এগোচ্ছে বলে নিজেদের ব্লগে জানিয়েছে। মূলত গুগলের তৈরি মোবাইল ফোনের মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড মার্কেট এবং গুগল মিউজিক সেবাটি একত্র করে চালু করা হয় গুগল প্লে। অ্যান্ড্রয়েডের জন্য অনলাইনে দোকানটি রয়েছে সংগীত, সিনেমা, বই, ম্যাগাজিন, আপ্লিকেশন ইত্যাদি। এর আগে ২০০৮ সালে অ্যান্ড্রয়েড মার্কেট চালু হওয়ার পর ১ হাজার ৪৩৫ দিনেই ২০০ কোটি ডাউনলোডের মাইলফলক অর্জন করেছে গুগল, যেখানে একই অঙ্কের ডাউনলোড করতে অ্যাপলের লেগেছে ১ হাজার ৩৩৫ দিন। এ ছাড়া বর্তমানে গুগল প্লেতে ছয় লাখ ৭৫ হাজার অ্যাপস ও গেমস রয়েছে, যেখানে অ্যাপলের অ্যাপস দোকানে রয়েছে সাত লাখ অ্যাপস ও গেমস। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আশফাক আলম