গুগল-ফেসবুকে এখনো গোপনে হানা দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সরকার ইন্টারনেট ও মোবাইল ফোন প্রতিষ্ঠান থেকে গোপনে তথ্য নেওয়ার কথা স্বীকার করেছে। জাতীয় নিরাপত্তা সংস্থার (ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি-এনএসএ) প্রধান জেমস ক্ল্যাপার গতকাল বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের কাছে এ কথা স্বীকার করেছেন। এর মধ্যে গুগল ও ফেসবুক রয়েছে। খবর বিবিসি অনলাইনের।যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের গোপনে টেলিফোন ও ইন্টারনেটে আড়িপাতার ঘটনা যে আগের মতোই বিদ্যমান, এ ঘটনা তা আবার প্রমাণিত। সম্প্রতি রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানে গোপনে তথ্য সংগ্রহ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওবামা প্রশাসনের গোয়েন্দারা। ওয়াশিংটন পোস্ট ও গার্ডিয়ান পত্রিকা সম্প্রতি এ খবর ফাঁস করে। জেমস ক্ল্যাপার দাবি করেন, এই নীতি কেবল যুক্তরাষ্ট্রের বাইরের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য।

যুক্তরাষ্ট্রের এ নীতি প্রাইভেসি বা ব্যক্তিগত নিরাপত্তার লঙ্ঘন করছে বলে তুমুল বিতর্ক তৈরি করেছে। ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের গোপনে আড়ি পাতার এ কর্মসূচির নাম ‘প্রিজম’। এর আওতায় ইন্টারনেট ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করতে গোয়েন্দারা সরাসরি নয়টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের সার্ভারে আড়ি পেতেছেন। তবে শীর্ষস্থানীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো গোয়েন্দাদের এ ধরনের আড়ি পাতার কাজে মূল সার্ভারের নিয়ন্ত্রণ দিতে অস্বীকার করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রিজম কর্মসূচির মাধ্যমে নাগরিকদের প্রাইভেসির তোয়াক্কা না করার বিষয়টি বিতর্ক তৈরি করবে।

এর আগে ৬ জুন বৃহস্পতিবার  যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) গোপনে লাখো টেলিফোনে আড়ি পাতার কথা স্বীকার করে।

প্রিজম

ধারণা করা হয়, ২০০৭ সালের পর থেকে ‘প্রিজম’ নামের গোপনে আড়ি পাতার কর্মসূচি যুক্তরাষ্ট্রে চালু হয়। যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর তত্কালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ কোনো রকম ঘোষণা ছাড়াই গোপনে আড়ি পাতার কর্মসূচি চালু করেছিলেন। এ কর্মসূচির মাধ্যমে তথ্য সংগ্রহের পরিবর্তে অনলাইনে থাকা সব রকম তথ্যের দখল নিতে পারে গোয়েন্দারা। সম্প্রতি ওয়াশিংটন পোস্ট ও গার্ডিয়ান পত্রিকায় ‘প্রিজম’ সম্পর্কে তথ্য প্রকাশিত হলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান ক্ল্যাপার দাবি করেন, প্রিজম সম্পর্কে প্রকাশিত সব তথ্য সঠিক নয়। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

যেসব প্রতিষ্ঠানের তথ্যে আড়ি পাতা হচ্ছে

ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, যে নয়টি প্রতিষ্ঠানের তথ্যে আড়ি পাতা হচ্ছে, সেগুলো হলো মাইক্রোসফট, ইয়াহু, গুগল, ফেসবুক, পালটক, এওএল, স্কাইপি, ইউটিউব ও অ্যাপল। এ প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ড্রপবক্সের মতো নতুন প্রতিষ্ঠানগুলো নজরদারির তালিকায় রয়েছে।

তথ্য ফাঁস

৬ জুন ওবামা প্রশাসনের গোপনে তথ্য সংগ্রহ করার তথ্য ফাঁস করে গার্ডিয়ান। গার্ডিয়ানের দাবি, যুক্তরাষ্ট্রের মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান ভেরিজনকে গোপনে আদালতের একটি আদেশের মাধ্যমে মোবাইল ফোন ব্যবহারকারীর তথ্য হস্তান্তরের জন্য বলা হয়।