গুগল-ফেসবুকে লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুগল বনাম ফেসবুক! এই দুই ‘নেট জায়ান্ট’ এবার নেমেছে ঠান্ডা লড়াইয়ে। লড়াইটা তথ্য শেয়ার নিয়ে। এই দ্বন্দ্ব অবশ্য বেশ কিছুদিন ধরেই আলোচনার টেবিল গরম করে রেখেছে। সর্বশেষ খবরে জানা গেছে, ফেসবুক কর্তৃপক্ষ গুগলের পেছনে লেগেছে কোমর বেঁধেই। অস্ত্র হিসেবে তারা ব্যবহার করছে নোংরা অপপ্রচার। সামাজিক যোগাযোগের জনপ্রিয় এই সাইটটি জানিয়েছে, ব্যবহারকারীদের গোপনীয়তাকে উপজীব্য করে গুগলবিরোধী অভিযানে নেমেছে তারা। এই কাজে একটি জনসংযোগ ফার্মকেও নিয়োগ করেছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান! ফার্মটির নাম বারসন-মার্সটেলার।ঘটনাটির প্রকাশ হয়েছে এক ব্লগারের মাধ্যমে। এ ছাড়া জনসংযোগ ফার্ম বারসন এই ‘অপপ্রচার’ চালানো শুরু করেছে এক গুগল ব্যবহারকারীর অভিযোগ দিয়ে। ফেসবুক এই তথ্য স্বীকার করেছে। তারা জানিয়েছে, গুগলের বিরুদ্ধে ক্রমবর্ধমান ব্যক্তিগত নিরাপত্তা হুমকির ব্যাপারে কাজ করছে তাদের নিয়োগকৃত বারসন। তবে ফেসবুক একে ‘নোংরা অপপ্রচার’ মানতে নারাজ।এক বিবৃতিতে ফেসবুক বলেছে, ‘আমরা এখন গুগলের এই তথ্য আহরণ এবং সংরক্ষণের বিষয়টি বিচার-বিশ্লেষণের জন্য তৃতীয় পক্ষের দ্বারস্থ হতে চাইছি। দেখাতে চাইছি, সাধারণ মানুষ এটা সমর্থন করছে না। যেমনটা করছে না ফেসবুক।’ উল্লেখ্য, ফেসবুকের অনেক তথ্য এবং ছবি গুগল সংরক্ষণ করে। সেগুলো তাদের সার্চ ইঞ্জিনের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে প্রতিনিয়ত। আর ফেসবুকের আপত্তি এখানেই। এবং এটা নিয়ে গুগল-ফেসবুকের মতের মিল হচ্ছে না অনেক দিন ধরেই। —বিবিসি অবলম্বনে মাহফুজ রহমান