গুগল বাজ বন্ধ করেছে গুগল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুগলের মাইক্রোব্লগিং সুবিধা ‘গুগল বাজ’ বন্ধ করে দিয়েছে গুগল ইনকরপোরেটেড। যাত্রা শুরু থেকে বাজ নিয়ে এগোতে পারেনি গুগল। গুগল বাজ ব্যবহারকারীদের আকৃষ্ট করতে ব্যর্থ হয়। এ ছাড়া ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হওয়ার অভিযোগও ছিল বাজের বিরুদ্ধে। অবশেষে গুগল এ সিদ্ধান্ত নিল। এ ছাড়া বাজের অগ্রগতিসহ সামগ্রিক অবস্থা নিয়ে গুগল নিজেও দ্বিধান্বিত ছিল। সবকিছু মিলিয়ে ব্যবসায়িকভাবে অসফল এ সেবাটি বন্ধই করে দেয়া হলো। বেশ কয়েক মাস ধরেই নিজেদের সেবাগুলো নিয়ে নতুন করে চিন্তাভাবনা করছিল গুগল। সম্প্রতি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুগল প্লাস অবমুক্ত হওয়ার কারণে একই ধরনের সোশ্যাল নেটওয়ার্কিং-সুবিধা থাকায় বাজের বন্ধ হয়ে যাওয়া অনেকটাই সময়ের ব্যাপার হয়ে দাঁড়াছিল। গুগল তাদের আনুষ্ঠানিক ব্লগে জানায়, ‘এই মুহূর্তে আমরা ভবিষ্যতের দিকে মনোযোগ দিয়েছি। বাজের মতো কিছু অসফল সেবা থেকে আমরা অতীতে অনেক কিছুই শিখেছি। এসব অভিজ্ঞতা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে।’ এতে আরও উল্লেখ করা হয়, গুগল এখন সোশ্যাল নেটওয়ার্কিং কার্যক্রম হিসেবে গুগল প্লাসে বেশি মনোযোগ দেবে। গুগল প্লাস অবমুক্ত হওয়ার পর ইতিমধ্যেই ব্যবহারকারীদের কাছ থেকে যথেষ্ট সাড়া পেয়েছে। সোশ্যাল নেটওয়ার্কিং প্রতিদ্বন্দ্বিতায় বিশেষ জায়গায় চলে যাচ্ছে গুগল প্লাস। আর তাই এ সেবার দিকেই বেশি নজর দিচ্ছে গুগল। —দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আশফাক আলম