গুগল বিজ্ঞান মেলা সংক্রান্ত কর্মশালা
গুগল দ্বিতীয়বারের মতো আয়োজন করছে গুগল বিজ্ঞান মেলা। তবে এটি প্রচলিত বিজ্ঞান মেলার মতো নয়। এই মেলার অংশগ্রহণকারীদের তাদের প্রকল্পের বিস্তারিত লিখে এবং ভিডিও করে ইন্টারনেটে একটি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আর অংশগ্রহণকারীদের বয়স হতে হবে ১৩ থেকে ১৮ বছরের মধ্যে। গুগলের এই আন্তর্জাতিক বিজ্ঞান মেলায় অংশগ্রহণে ইচ্ছুকদের জন্য একটি কর্মশালার আয়োজন করেছে অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান সংগঠন ও বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি। ২৭ ফেব্রুয়ারি ঢাকার পলাশী মোড়ের ফ্রেপড মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক এবং বুয়েটের শিক্ষক ফারসীম মান্নান মোহাম্মদী জানান, প্রচলিত পদ্ধতি থেকে ভিন্ন বলে এই মেলায় অংশ নেওয়ার বাড়তি কিছু প্রস্তুতি দরকার। সেগুলোই এই কর্মশালায় জানানো হবে। সম্প্রতি অনুরূপ একটি প্রতিযোগিতার বিজয়ী অনুসন্ধিৎসু চক্রের সহসভাপতি বিজ্ঞানী আজহারুল হক সেলিম প্রকল্পের উৎকর্ষের পাশাপাশি উপস্থাপনের বিষয়টিও জরুরি। কারণ, এই মেলায় বিচারকদের সঙ্গে সামনাসামনি দেখা হওয়ার কোনো সুযোগ থাকছে না। ২৭ তারিখ বিকেল তিনটা থেকে অনুষ্ঠেয় এই কর্মশালায় অংশগ্রহণের জন্য কোনো ফির প্রয়োজন হবে না।