গুগল ম্যাপ বঞ্চিত আইফোন ৫
আইফোনের অ্যাপ্লিকেশন হিসেবে গুগল ম্যাপ সেবাটি অ্যাপলের অনুমোদনের অপেক্ষায় রয়েছে—এমন গুজব উড়িয়ে দিলেন গুগলের চেয়ারম্যান এরিক স্মিড। এরিক স্মিড জানিয়েছেন, অ্যাপলের জন্য গুগল ম্যাপ সেবা তৈরি করবে এমন কোনো পরিকল্পনা করা হয়নি এখনো। খবর রয়টার্সের।উল্লেখ্য, আইওএস ৬ অপারেটিং সিস্টেমে নিজস্ব ম্যাপ সেবা আনতে গুগল ম্যাপ সেবাটি সরিয়ে ফেলেছে অ্যাপল। কিন্তু আইফোন ৫ হাতে পাওয়ার পর সবচেয়ে বেশি সমালোচনা তৈরি হয়েছে অ্যাপলের এ ম্যাপ সেবা নিয়ে। আইফোন ক্রেতারা অভিযোগ করেছেন, অ্যাপলের নতুন ম্যাপ অস্পষ্ট, গুরুত্বপূর্ণ স্থানগুলো চিহ্নিত করা হয়নি, সমুদ্রের মাঝখানে ট্রেন স্টেশন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার নামের ভুলসহ ম্যাপটি অসম্পূর্ণ। তুলনামূলকভাবে গুগল ম্যাপ অনেক বেশি স্পষ্ট ও কাজের। অবশ্য অ্যাপল কর্তৃপক্ষ ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ম্যাপ সেবা উন্নত করার কথা জানিয়েছে।২০০৭ সালে আইফোন বাজারে আনার সময় থেকে অ্যাপল ও গুগল একসঙ্গে কাজ করেছে। আইফোনে গুগল ম্যাপ ও ইউটিউব বিল্ট ইন ছিল। কিন্তু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বাজারে আসার পর থেকে অ্যাপল ও গুগলের সম্পর্ক খারাপ হতে শুরু করে।এ প্রসঙ্গে এরিক স্মিড জানিয়েছেন, অ্যাপল ও গুগলের মধ্যে সব সময় যোগাযোগ ছিল। নিজস্ব ম্যাপ সেবা না নিয়ে গুগলের ম্যাপ রেখে দিলেই অ্যাপলের জন্য ভালো হতো। এখন গুগলের ম্যাপ সেবা অ্যাপ্লিকেশন হিসেবে গ্রহণ করবে কি না, তা অ্যাপল কর্তৃপক্ষকেই ভেবে দেখতে হবে। গুগল এখনো এ বিষয়ে কোনো পরিকল্পনা করেনি।’আইফোনের সার্চ বিষয়টি নিয়ে গুগলের সঙ্গে অ্যাপল থাকবে কি না সে বিষয়টিও অ্যাপলের ওপর নির্ভর করছে বলেও জানান স্মিড।