
প্রয়োজনের সময় যেকোনো ঠিকানা বা অবস্থানের খোঁজ পেতে গুগল ম্যাপসের জুড়ি নেই। কিন্তু সমস্যা একটাই, দ্রুতগতির ইন্টারনেট সংযোগ না থাকলে গুগলের এই
মানচিত্রে কাঙ্ক্ষিত অবস্থানটি অনুসন্ধান চালিয়ে বের করতে চলে যায় অনেকটা সময়। তারপর সঠিক অবস্থানটি চিহ্নিত করে বড় করে দেখতে চাইলেও বাড়তি
সময় লাগে৷ অনেক ক্ষেত্রেই ধৈর্যচ্যুতি ঘটে৷ এসব ক্ষেত্রে আপনি যদি চান তাহলে লাইট মোড ব্যবহার করে গুগল ম্যাপ দেখার গতি বাড়াতে পারেন। প্রসেসিং ক্ষমতা
কম লাগা এবং ত্রিমাত্রিক (থ্রিডি) ছবি না দেখানোর কারণে ‘লাইট মোড’ ব্যবহারে এ সুবিধাটুকু পাওয়া যায়।
যদি কোনো ব্যবহারকারী পুরোনো ওয়েবসাইট দেখার সফটওয়্যার বা ব্রাউজার এবং অপারেটিং সিস্টেম ব্যবহার করেন, তাহলে গুগল অবশ্য আপনা থেকেই এ
সুবিধাটি চালু করে দেয়। এমনটা হলে গুগল ম্যাপসের নিচের দিকে ডানে কপিরাইট তথ্যের পরেই ‘লাইট মোড’ অপশন দেখা যাবে। আপনার কম্পিউটার বা মোবাইল
যন্ত্রটি যদি নতুন হয়ে থাকে তাহলে এটি দেখতে না পাওয়ারই কথা। তখন কম সময়ে গুগল ম্যাপ দেখার এই সুবিধাটা পেতে চাইলে যেতে হবে
(http://goo.gl/EXZGUC) ঠিকানার ওয়েবসাইটে। এভাবে লাইট মোড চালু হবে। আবার যদি আগের গুগল ম্যাপ সেটিংসে ফিরে যেতে চান তাহলে
(http://goo.gl/hV2axi) ঠিকানায় গিয়ে সেটা করা যাবে। এটাই হলো গুগলের পূর্ব নির্ধারিত ম্যাপ দেখানোর সেটিংস।
—মঈন চৌধুরী