গুগল স্ট্রিট ভিউতে আইফেল টাওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল নিজেদের স্ট্রিট ভিউ সেবায় এবার যুক্ত করল আইফেল টাওয়ার। এর ফলে এক হাজার ৬৩ ফুট উঁচু আইফেল টাওয়ার চাইলে ঘরে বসেই স্ট্রিট ভিউর মাধ্যমে দেখতে পাবেন ব্যবহারকারীরা। ১৮৮৯ সালের পর থেকে এখন পর্যন্ত ২৫ কোটি মানুষ আইফেল টাওয়ার পরিদর্শন করেছেন। গুগলের মানচিত্র সেবা গুগল ম্যাপসের পাশাপাশি গুগলের স্ট্রিট ভিউ সুবিধার মাধ্যমে ৩৬০ ডিগ্রি কোণে দৃশ্য দেখা যায়। অর্থাৎ একই স্থানে দাঁড়িয়ে চারপাশের যেমন দৃশ্য দেখা সম্ভব। একইভাবে কম্পিউটারে স্ট্রিট ভিউর মাধ্যমে চারপাশের সবকিছু দেখা যাবে। সম্প্রতি স্ট্রিট ভিউতে আইফেল টাওয়ার যুক্ত হওয়ার বিষয়টি জানিয়েছে গুগল। পাশাপাশি গুগল কালচারাল ইনস্টিটিউট এবং আইফেল টাওয়ার অপারেটিং কমিটি তিনটি অনলাইন প্রদর্শনীও শুরু করেছে। এতে আইফেল টাওয়ারের ইতিহাস এবং নির্মাণের ৫০টি সংগৃহীত ছবি, প্ল্যান এবং খোদাই তুলে ধরা হয়েছে। নিজেদের তৈরি করা বিশেষ ধরনের এক গোলকীয় ক্যামেরার সাহায্যে নিমেষেই চারপাশে ছবি তুলতে পারে গুগল। আইফেল টাওয়ারের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে বিশেষভাবে প্রস্তুতকৃত স্ট্রিট ভিউ ট্রলি যা আইফেল টাওয়ারের প্রতি ফ্লোরের ছবি ধারণ করেছে এক হাজার ফুট পর্যন্ত। এর আগে গুগল তাদের স্ট্রিট ভিউ প্রযুক্তির মাধ্যমে বর্তমান সময়ের সবচেয়ে উঁচু বিল্ডিং ‘বুর্জ খলিফা’র ছবি ধারণ করে। —গুগল ব্লগ অবলম্বনে কাজী আলম