গুগল স্মার্টফোনের জন্য অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুগলের নেক্সাস স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের জন্য আরও অপেক্ষা করতে হবে। ২৯ অক্টোবর নিউইয়র্কে এক অনুষ্ঠানে এগুলো দেখানোর কথা ছিল। তবে হারিকেন স্যান্ডির কারণে ভেস্তে গেছে অনুষ্ঠান। হারিকেনটি শক্তিশালী হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই গুগল কর্তৃপক্ষের কাছে এ অনুষ্ঠান নিয়ে নানা প্রশ্ন আসতে থাকে। অনুষ্ঠানস্থলটিই একসময় খালি করার নির্দেশ দেওয়া হয়। জরুরি অবস্থাও ঘোষণা করা হয়। শেষমেশ সাংবাদিকদের জানিয়ে দেয় গুগল, আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে অনুষ্ঠানের নতুন তারিখ জানানো হয়নি। এদিন ৭ ও ১০ ইঞ্চি পর্দার নেক্সাস ট্যাবলেট ও নেক্সাস ৪ স্মার্টফোন দেখানোর কথা ছিল। নেক্সাস ৪-এর মাধ্যমে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন ৪.২ সংস্করণের ঘোষণা দেওয়ার কথাও ছিল গুগলের। হাতে নিয়ে নেড়েচেড়ে দেখার সুযোগ পেতে দেরি হলেও এসব যন্ত্র সম্পর্কে নানা তথ্য পাওয়া যাচ্ছে ইন্টারনেটে। নেক্সাস ট্যাবলেটের ছবিও প্রকাশ হয়েছে। —সিনেট