গুগলকে হটিয়ে ইয়াহু সার্চে মজিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াহু ও মজিলা সার্চ ইঞ্জিন নিয়ে পাঁচ বছরের চুক্তি করেছে
ইয়াহু ও মজিলা সার্চ ইঞ্জিন নিয়ে পাঁচ বছরের চুক্তি করেছে

ইয়াহু কর্তৃপক্ষ সম্প্রতি ফায়ারফক্স ব্রাউজার নির্মাতা মজিলার সঙ্গে একটি চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে গুগলকে বাদ দিয়ে ইয়াহুকে ব্যবহার করবে মজিলা।
ইয়াহু ও মজিলার এই চুক্তি ডিসেম্বর মাস থেকে কার্যকর হবে এবং এই চুক্তির মেয়াদ পাঁচ বছর। যদিও চুক্তি করতে মজিলাকে কী পরিমাণ অর্থ দিয়েছে ইয়াহু, সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি ইয়াহু কর্তৃপক্ষ। তবে তারা বলছে, লভ্যাংশ ভাগাভাগি করা এবং কিছু বিষয়ের গ্যারান্টি দিয়ে এই চুক্তি করা হয়েছে। 
রয়টার্সকে দেওয়ার এক সাক্ষাৎকারে মারিসা বলেছেন, চুক্তি অনুযায়ী, পিসি বা মোবাইল যন্ত্রে ব্যবহৃত মজিলার ফায়ারফক্স ব্রাউজারে ইয়াহু সার্চ যুক্ত হচ্ছে। যুক্তরাষ্ট্রের ফায়ারফক্স ব্যবহারকারীরা যখন কোনো কিছু সার্চ দেবেন তখন তা স্বয়ংক্রিয়ভাবে ইয়াহুর ওয়েবসাইটের মাধ্যমে সার্চ ফল দেখাবে। 
চুক্তির ফলে সার্চের বাজারে ইয়াহু আরও এগিয়ে যাবে বলেই আশা করছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মারিসা মেয়ার। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
ওয়েব তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান স্ট্যাটকাউন্টারের তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রের সার্চ বাজারের মাত্র ১০ শতাংশ ইয়াহুর দখলে আর ব্রাউজারের হিসাবে ১০ দশমিক ৪ শতাংশ ফায়ারফক্সের দখলে। যুক্তরাষ্ট্রে গুগল সার্চের দখলে রয়েছে বাজারের ৬৭ শতাংশ আর মাইক্রোসফটের দখলে ২০ শতাংশ। 
ইয়াহুর সঙ্গে চুক্তি করার আগে গুগলের সঙ্গে তিন বছরের চুক্তিতে ছিল মজিলা। গুগলের সঙ্গে সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে শিগগিরই।