গুগলে আজ ‘পপ আর্ট’ ডুডল (ভিডিও)
গুগলের হোমপেজে আশির দশকের বিখ্যাত ‘পপ আর্ট’ ড্রয়িং দেখাচ্ছে। যুক্তরাষ্ট্রের চিত্রকর কেইথ হ্যারিংয়ের জন্মদিন স্মরণে এই ডুডলটি তৈরি করেছে গুগল। পপ আর্ট গত শতকের পঞ্চাশের দশকের পরবর্তীকালে যুক্তরাষ্ট্রের স্ট্রিট ড্যান্স ও জনপ্রিয় সংস্কৃতি থেকে উঠে আসা চিত্রকল্প। ফাইন আর্টের সঙ্গে এই আর্টের কিছুটা পার্থক্য রয়েছে। কারণ, অনেক উপাদানই পপ আর্টে চিত্রকরের কল্পনায় উঠে আসে, যা দৃশ্যের সঙ্গে সংগতিপূর্ণ হয় না।কেইথ হ্যারিং ১৯৫৮ সালে যুক্তরাষ্ট্রের রিডিংয়ে আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। এইডসের জটিলতার ভুগে ১৯৯০ সালে মাত্র ৩১ বছর বয়সে মারা যান তিনি। নিউইয়র্ক সাবওয়ে সিস্টেমে চক দিয়ে বিভিন্ন ড্রয়িং করে সবার নজর কাড়েন কেইথ হ্যারিং। পরবর্তী সময়ে তিনি বিভিন্ন গ্যালারিতে তার চিত্রকর্মের প্রদর্শনী করেছিলেন। তাঁর চিত্রকর্মে মোটা দাগ ও উজ্জ্বল রং আশির দশকের সৌন্দর্যতত্ত্বকে প্রভাবিত করেছিল। তিনি পিটসবার্গের আইভি স্কুল অব প্রফেশনাল আর্ট থেকে কমার্শিয়াল আর্টের ওপর পড়াশোনা করেন। ১৯৭৮ সালে নিউইয়র্ক সিটির রাস্তায় ‘গ্রাফিতি’ দেখে এ বিষয়ে উত্সাহ পেয়েছিলেন। গ্রাফিতি শব্দটি লাতিন শব্দ ‘গ্রাফিয়াম’ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে লেখা। প্রত্নতত্ত্ববিদরা ‘গ্রাফিতি’ বলতে পম্পেই, ইজিপ্ট ও রোমানদের ঐতিহাসিক দেয়াল লিখন ও চিত্রকল্পকে বোঝান। উল্লেখ্য, কেইথ হ্যারিংয়ের মৃত্যুর পর তাঁর বন্ধু ম্যাডোনা ব্লন্ড অ্যাম্বিশন ওয়ার্ল্ড ট্যুরের প্রথম নিউইয়র্ক শো’ হ্যারিংকে উত্সর্গ করে টিকিট বিক্রির অর্থ এইডস তহবিলে দান করেছিলেন।