কোনো তথ্য জানতে চাইলে তা খুঁজে দেওয়ার ব্যাপারে সার্চ ইঞ্জিন গুগলের বিকল্প বলতে গেলে কিছু নেই। এখন গুগলে অন্যান্য জিনিসের পাশাপাশি পাওয়া যাবে বিভিন্ন রান্নার রেসিপি বা প্রস্তুতপ্রণালি। গত বৃহস্পতিবার গুগল তার সার্চ মেন্যুতে ‘রেসিপি ভিউ’ নামের একটি ফিচার যোগ করেছে। গুগলের কর্মকর্তা কাভি গোয়েল বলেন, ‘অনেক দিন ধরে পর্যবেক্ষণের পর আমরা এই সত্য উপলব্ধি করেছি যে একশ্রেণীর মানুষ আছে, যারা বিভিন্ন খাবারের প্রস্তুতপ্রণালি জানতে চায় এবং এদের সংখ্যা প্রচুর। তাদের কথা ভেবে আমরা সার্চ মেন্যুতে রেসিপি ভিউ ফিচার যোগ করেছি।’ তিনি আরও জানান, প্রথম দিনেই প্রায় এক কোটি মানুষ বিভিন্ন রান্নার রেসিপি জানতে চেয়ে গুগলে সার্চ করেছে। রেসিপি ভিউতে কোনো খাবারের রান্নার রেসিপি জানার পাশাপাশি কখন রাঁধতে হবে এবং এর পুষ্টিগুণও জানা যাবে। এ ছাড়া রান্নার জন্য বিভিন্ন উপকরণ কোথায় পাওয়া যাবে, তাও জানা যাবে রেসিপি ভিউতে।গুগলে রেসিপি ভিউ যোগ হওয়ায় এটি এখন রান্নার বইয়ের বিকল্প হিসেবে কাজ করবে। রেসিপি ভিউ পাওয়ার জন্য গুগলের বাঁ দিকের প্যানেলে ‘রেসিপিস’ লেখার ওপর ক্লিক করতে হবে। এরপর খুঁজতে থাকুন আপনার পছন্দের খাবারের প্রস্তুতপ্রণালি। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান