গুগলে খেলা যাচ্ছে রুবিক'স কিউব

৪০ বছর পূর্ণ করল রুবিক’স কিউব। গুগল একটি ডুডলের মাধ্যমে এই কিউবের চার দশক উদযাপন করছে।
গুগলের হোমপেজে গেলে একটি ভারচুয়াল রুবিক’স কিউব পাওয়া যাচ্ছে যা কম্পিউটার থেকে ক্লিক করে খেলাও যাচ্ছে। হোমপেজের কিউবটিতে ক্লিক করলে এটির আকার বড় হচ্ছে। এ ছাড়াও এ পেজ থেকে রুবিক’স কিউব সম্পর্কিত তথ্যও জানা যাচ্ছে।
বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া পাজল গেম রুবিক’স কিউব। এখন পর্যন্ত প্রায় ৩৫ কোটি কিউব বিক্রি হয়েছে।
১৯৭৪ সালে হাঙ্গেরির স্থাপত্যের অধ্যাপক ও উদ্ভাবক এরনো রুবিক এই পাজল কিউব উদ্ভাবন করেন। রুবিক নিজে এর নাম দিয়েছিলেন ম্যাজিক কিউব, কিন্তু পরবর্তীতে ১৯৮০ সালে আইডিয়াল টয় নামের এক খেলনা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এর নাম দেয় রুবিকস কিউব অর্থাত্ রুবিকের ঘনক।
১৯৮২ সালে বুদাপেস্টে প্রথমবার রুবিক’স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল। এই প্রতিযোগিতার বিজয়ী রুবিক’স কিউব সমাধান করতে ২২.৯৫ সেকেন্ড সময় নিয়েছিলেন। সবচেয়ে দ্রুত এই ধাঁধা সমাধান করার রেকর্ড কিউবসটরমার ৩ নামের একটি রোবটের। এআরএম প্রসেসর নির্ভর এই রোবটটি এ বছর ৩.২৫৩ সেকেন্ডে রুবিক’স কিউব মিলিয়ে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে। একজন মানুষের সবচেয়ে দ্রুত গতিতে কিউব মেলানোর রেকর্ড হচ্ছে ৫.৫৫ সেকেন্ড।