আপনি যদি এখন পর্যন্ত গুগল আর্ট প্রজেক্টটি দেখে না থাকেন, তবে প্রথমেই এটি আপনার দেখে নেওয়া উচিত। গুগল আর্ট প্রজেক্ট নামের এই প্রকল্পে গুগল যুক্তরাজ্যের জাতীয় গ্যালারি এবং এর মতো বিখ্যাত বিশ্বের ১৭টি আর্ট গ্যালারি ও জাদুঘরের সঙ্গে কোলাবরেশনের মাধ্যমে বিনা মূল্যে দেখার সুযোগ করে দিচ্ছে। প্রকল্পের ওয়েবসাইট থেকে গ্যালারিগুলো এমনভাবে পরিভ্রমণের সুযোগ করে দেওয়া হয়েছে, যার ফলে মনে হতে পারে, বাস্তবে ওই গ্যালারিতে উপস্থিত আছেন।১ ফেব্রুয়ারি থেকে এটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সারা বিশ্বে সমাদৃত আর্ট গ্যালারিগুলোর অন্যতম ১৭টি রয়েছে এই প্রকল্পের সঙ্গে। গ্যালারিতে থাকা এক হাজারেরও বেশি আর্টওয়ার্ক দেখার সুযোগ পাওয়া যাবে এখানে। গ্যালারি প্রতিটি ছবিতে গড়ে ৭০০ কোটি পিক্সেলে সংরক্ষণ করা হয়েছে। গিগাপিক্সেল নামের বিশেষ এক প্রযুক্তির মাধ্যমে এই অতি উচ্চ রেজুলেশনের ছবিগুলো তৈরি করা হয়েছে, ফলে ছবিতে তুলির প্রতিটি আচড় স্পষ্টভাবে বোঝা যায়।গুগলের স্ট্রিটভিউ প্রযুক্তিটি কিছুটা পরিবর্তিতভাবে এখানে ব্যবহার করা হয়েছে, যেন দর্শনার্থীরা এটির মাধ্যমে সরাসরি গ্যালারি ভ্রমণের অনুভূতি পান। এর জন্য স্ট্রিটভিউ ইমেজ ক্যাপচার টুল নতুন করে ডিজাইন করতে হয়েছে। পাশাপাশি নতুন একটি বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। ফলে মাউস দিয়ে ক্লিক করেই গ্যালারির বিভিন্ন অবস্থানে চলে যাওয়া যাবে। এ ছাড়া প্রতিটি ছবি আলাদাভাবে দেখারও সুযোগ রাখা হয়েছে। সব ছবি সমন্বয় এবং প্রকাশের জন্য পিকাসা ও গুগল অ্যাপ ইঞ্জিন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। প্রতিটি ছবি, এর শিল্পী এবং আনুষঙ্গিক বিভিন্ন বর্ণনা ও তথ্য যুক্ত করা হয়েছে।১৮ মাস ধরে এই প্রকল্পের কাজ চলছে। ১৭টি দিয়ে শুরু হলেও কিছু দিনের মধ্যেই আরও বেশ কিছু গ্যালারি যুক্ত হতে যাচ্ছে এখানে। যদিও সরাসরি আর্ট মিউজিয়াম বা গ্যালারি ভ্রমণের বিকল্প নেই। তার পরও এখান থেকে প্রাথমিক কিছু ধারণা পাওয়া যাবে। গুগল আর্ট প্রজেক্টের ওয়েব ঠিকানা: www.googleartproject.com —নাসির খান