গুগলে বিমান ভ্রমণের তথ্য
সার্চ ইঞ্জিন গুগল এবার নানা সেবার মধ্যে বিমানে ভ্রমণকারীদের জন্য নতুন সেবা নিয়ে এসেছে। নতুন এ সেবার মাধ্যমে গ্রাহকেরা ফ্লাইটের ভাড়া, ভ্রমণসূচি ছাড়াও প্রয়োজনীয় নানা তথ্য গুগলের মাধ্যমে জানতে পারবেন। বিশেষ সফটওয়্যারের মাধ্যমে এ সেবা দেওয়া হবে। এ সেবা দিতে যুক্তরাষ্ট্রের সফটওয়্যার প্রতিষ্ঠান আইটিএকে ৭০ কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে। গুগলের প্রধান নির্বাহী অ্যারিক চিম্যাথ বলেন, ‘আমরা বিমান ভ্রমণবিষয়ক সুবিধা নিয়ে বিশেষ সুবিধা চালু করছি, যা সাধারণ গ্রাহকদের কাজে লাগবে। আইটিএর সঙ্গে এর আগে বিমানবিষয়ক প্রতিষ্ঠান ট্রাভেলপোর্ট, এক্সপেডিয়া, কায়াকাসহ বিভিন্ন প্রতিষ্ঠান এ কাজে যুক্ত হতে চেয়েছিল। তবে শেষ পর্যন্ত গুগলই এ কাজে সফল হয়েছে। গুগলের আগেই মাইক্রোসফট তাদের বিশেষ বিং ট্রাভেল সেবা দেওয়ার মাধ্যমে জায়গা করে নিতে ইতিমধ্যে ফ্লাইটভিত্তিক সার্চ সেবা দিয়ে আসছে।১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক আইটিএ নামক প্রতিষ্ঠানটি গঠন করেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) একদল কম্পিউটার বিজ্ঞানী। প্রতিষ্ঠানটি নিজেদের তৈরি সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন এয়ারলাইনস, ট্রাভেল এজেন্ট ও বিমানের তথ্য প্রকাশের সাইটগুলোকে তথ্যসেবা দিয়ে আসছে। —বিবিসি অবলম্বনে নুরুন্নবী চৌধুরী