
জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে এবার তথ্য খোঁজার নতুন অ্যালগরিদমে মোবাইলবান্ধব ওয়েবসাইট বেশি গুরুত্ব পাবে। অর্থাৎ সার্চ তালিকায় মোবাইলবান্ধব ওয়েবসাইটগুলো ওপরের দিকে থাকবে। মঙ্গলবার নতুন এ সার্চ অ্যালগরিদম চালু করেছে গুগল।
মোবাইলবান্ধব ওয়েবসাইট বিশেষ করে বড় লেখা, সহজেই ক্লিক করা যায় এবং রেসপনসিভ (যন্ত্র অনুযায়ী নকশা) ওয়েবসাইটগুলোই প্রাধান্য পাবে তালিকায়। এর ফলে বর্তমানে জনপ্রিয় ওয়েবসাইটের মধ্যে মোবাইলবান্ধব নয় এমন সাইট সার্চ তালিকায় নিচে নেমে যাবে।
গুগল জানিয়েছে, এমন সিদ্ধান্তের বড় কারণ হচ্ছে, বর্তমানে সার্চ ইঞ্জিনে প্রায় ৬০ শতাংশ ব্যবহারকারীই আসে মোবাইল ফোন থেকে। আর এ বিষয়টি মাথায় রেখেই মোবাইল ফোন থেকে স্বচ্ছন্দে ব্যবহার করা যায় এমন ওয়েবসাইটগুলোকে বিশেষ অ্যালগরিদমের সাহায্যে ওপরের দিকে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে হঠাৎ করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানিয়েছে গুগল। এ ধরনের পরিবর্তনের বিষয়গুলো সম্পর্কে ওয়েবসাইট কর্তৃপক্ষকে অনেক আগেই জানানো হয়েছে এবং নিজেদের সাইটগুলোকে মোবাইলবান্ধব বা মোবাইল উপযোগী করার পরামর্শও দেওয়া হয়েছিল।
গুগলের নতুন এ সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হতে পারে অনেক জনপ্রিয় ওয়েবসাইট। বিশেষ করে যাঁদের মোবাইল উপযোগী ওয়েবসাইট নেই তাঁরা প্রচুর ওয়েবসাইটের ব্যবহারকারী হারাবেন। শুরুর দিকে গুগল সার্চ ফলাফলের ক্ষেত্রে কি-ওয়ার্ডসম্পর্কিত ওয়েবসাইট এবং ওয়েবসাইটের বিষয়বস্তুকে গুরুত্ব দিয়ে আসছিল। তবে এবার এই নীতি থেকে সরে গিয়ে কন্টেন্টের পাশাপাশি সব ধরনের যন্ত্রে সেই কন্টেন্ট পড়তে পারার মতো উপযোগিতা থাকতে হবে বলে উল্লেখ করে গুগল।
বিবিসি অবলম্বনে কাজী আলম