গুগলে ‘মুগ’ স্মরণে ‘ডুডল’
গুগলের হোমপেজে আজ ২৩ মে একটি বিশেষ বাদ্যযন্ত্রের ডুডল শোভা পাচ্ছে। বাদ্যযন্ত্রটির নাম ‘মুগ সিনথেসাইজার’। যন্ত্রটির উদ্ভাবক মার্কিন যন্ত্রসংগীতের অগ্রদূত রবার্ট আর্থার ‘বব’ মুগের আজ ৭৮তম জন্মদিন।বব মুগের জন্মদিন উপলক্ষে গুগল হোমপেজে বিশেষ এই ডুডলটি তৈরি করেছে গুগল। ডুডলটি মুগ সিনথেসাইজারের ভার্চুয়াল সংস্করণ। যন্ত্রটির বিভিন্ন বোতামে মাউস বা টাচপ্যাড ব্যবহারের মাধ্যমে ক্লিক করে করে যন্ত্রসংগীত তৈরি করা যায় এবং সে সংগীত রেকর্ড করে গুগল প্লাসে আপলোড ও শেয়ার করাও যায়।রবার্ট মুগ ১৯৩৪ সালের ২৩ মে নিউইয়র্কে জন্মগ্রহণ করেন। তিনি মুগ মিউজিক নামের একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসেবেই অধিক পরিচিত। ১৯৬৪ সালে তিনি উদ্ভাবন করেন মুগ সিনথেসাইজার। তাঁর বিখ্যাত এই বাদ্যযন্ত্রটির উদ্ভাবনের ফলে যন্ত্রসংগীতে ষাট থেকে সত্তর দশকে বিশাল পরিবর্তন ঘটেছিল। মুগ উদ্ভাবিত এ বাদ্যযন্ত্রটির সাহায্যে সংগীতশিল্পীরা যেকোনো যন্ত্রসংগীত, কণ্ঠস্বর ও যেকোনো শব্দের অনুকরণ করতে পারেন।যন্ত্রসংগীতের অগ্রদূত বব মুগ ২০০৫ সালের ২১ আগস্ট মারা যান।