গুগলের অ্যান্ড্রয়েড-নির্ভর মিউজিক স্টোর চালু
যুক্তরাষ্ট্রে অ্যান্ড্রয়েড-নির্ভর একটি অনলাইন মিউজিক স্টোর চালু করেছে গুগল। এর মাধ্যমে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের মোবাইল ডিভাইস দিয়ে খুব সহজে বিভিন্ন এমপি-৩ ফাইল কিনতে পারবেন ক্রেতারা।এই মিউজিক স্টোরে ইএমআই, সনি মিউজিক এন্টারটেইনমেন্ট, ইউনিভার্সালসহ আরও ২৩টি প্রতিষ্ঠানের সংগীতবিষয়ক পণ্য বিক্রি হবে বলে জানা গেছে। এতে থাকছে প্রায় এক কোটি ৩০ লাখ এমপি-৩ ফাইল।এদিকে, গুগলের অ্যান্ড্রয়েড-নির্ভর এই মিউজিক স্টোরে নিজেদের পণ্য বিক্রির প্রস্তাব থাকা সত্ত্বেও ওয়ার্নার মিউজিক গ্রুপ এতে থাকছে না। বিশ্লেষকেরা গুগলের এই উদ্যোগকে অ্যাপলের আইটিউনের প্রতি একধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। ২০০৩ সালে স্টিভ জবসের উদ্যোগে অ্যাপল আইটিউন নামের এ ধরনেরই একটি মিউজিক স্টোর চালু করেছিল। গুগলের অ্যান্ড্রয়েড যে ধীরে ধীরে অ্যাপলের আইওএসের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দেখা দিচ্ছে, তার সবচেয়ে বড় প্রমাণ, গত জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে পৃথিবীতে যত স্মার্টফোন বিক্রি হয়েছে তার অর্ধেক অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে তৈরি। এ মুহূর্তে সারা পৃথিবীর ভোক্তাদের হাতে থাকা প্রায় ছয় কোটি মোবাইল ডিভাইস অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে তৈরি।এর আগে সংগীত বাণিজ্যের ভুবনে অ্যাপল থেকে শুরু করে, ব্ল্যাকবেরি, নকিয়াসহ অনেক প্রযুক্তি ব্র্যান্ড বাজারে আসলেও এই প্রথমবারের মতো গুগল এ বাজারে নিজেদের যাত্রা শুরু করছে। একে অডিও পাইরেসির বিরুদ্ধেও একটি বলিষ্ঠ পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিবিসি।