গুগলের গোপন প্রকল্প

যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর বে এলাকায় বিশালাকার একটি ভাসমান নৌযানে গোপন প্রকল্প নিয়ে কাজ করছে গুগল। প্রযুক্তি গবেষকেরা ধারণা করছেন, এই নৌযানে বিশালাকার ডাটা সেন্টার তৈরি করতে পারে বিশ্বের বৃহত্তম অনুসন্ধান সেবাদাতা প্রতিষ্ঠানটি।প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেটে প্রকাশিত একটি ব্লগ পোস্টে গুগলের গোপন এ প্রকল্পের বিষয়ে জানানো হয়েছে। প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, বিশাল নৌযানে ঠিক কোন প্রকল্প নিয়ে কাজ চলছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করতে নারাজ গুগল। তবে এ নৌযানে যে বিশাল অবকাঠামো তৈরি করা হচ্ছে, তা স্থানীয়রা শনাক্ত করতে পেরেছেন। অনেকেই একে গোপন প্রকল্পও বলছেন। চারতলা উচ্চতা সমান এ কাঠামোর বেশির ভাগ তৈরি হচ্ছে আধুনিক কার্গো কনটেইনার ব্যবহার করে। এ প্রকল্প ঘিরে কড়া নিরাপত্তা-ব্যবস্থাও গড়ে তুলেছে প্রতিষ্ঠানটি। সিনেটে প্রকাশিত ওই ব্লগ পোস্টে আরও বলা হয়েছে, যেসব স্থানে কুলিং সিস্টেম চালু রাখতে খরচ কম হয়, গুগল সেখানে ডাটা সেন্টার তৈরি করে। এ হিসাব বিবেচনা করলে এবং ভাসমান নৌযানটির অবস্থান বিবেচনা করলে ধারণা করা যায়, গুগল ভাসমান ডাটা সেন্টার তৈরিতে কাজ করছে।

তবে এর আগে ইন্টারনেট বেলুনের মতো নতুন উদ্ভাবনী ধারণার বিভিন্ন প্রকল্প নিয়েও কাজ করেছে গুগল। সে অর্থে এই ভাসমান নৌযানটি নতুন কোনো প্রকল্পও হতে পারে। এ নৌযানটির অবস্থান সান ফ্রান্সিসকোর বের অকল্যান্ড ও কৃত্রিম দ্বীপ ট্রেজার আইল্যান্ডের মাঝামাঝি। নৌযানটি ২৫০ ফুট দৈর্ঘ্যের। প্রসঙ্গত প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করেন ‘এক্স ল্যাব’ নামে গোপন একটি পরীক্ষাগার রয়েছে গুগলের, যেখানে সৃজনশীল বিভিন্ন ধারণা বাস্তব উপযোগী করতে কাজ করেন গুগলের প্রকৌশলীরা।