গুগলের গোপনীয়তা নীতিতে পরিবর্তন আসছে
গুগল আগামী মার্চ থেকে তাদের গোপনীয়তা নীতিতে পরিবর্তন আনছে। গুগল কর্মকর্তা অ্যালমা হোয়াইটেনের বরাত দিয়ে বিবিসি অনলাইন আজ এ সংবাদ জানিয়েছে। নতুন এ সিদ্ধান্তের ফলে গুগলের অনুসন্ধান, ই-মেইল, ভিডিও এবং সামাজিক যোগাযোগের মাধ্যম গুগল প্লাসসহ ৬০টি ক্ষেত্রে গোপনীয়তার নীতিতে পরিবর্তন আনবে। পরিবর্তিত নীতিগুলো কার্যকর হবে ১ মার্চ থেকে।গুগলের গোপনীয়তা, পণ্য ও প্রকৌশল পরিচালক অ্যালমা হোয়াইটেন বলেন, নতুন নীতির ফলে গুগল ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় মৌলিক পরিবর্তন আসবে। তিনি আরও বলেন, নীতিমালায় সংস্কারের ফলে ব্যবহারকারীরা খুব সহজেই তাদের প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করতে পারবে। এ ব্যাপারে গুগল অ্যাডভাইজার ব্যবহারকারীদের তথ্য খুঁজতে সাহায্য করবে।নীতিমালায় এ পরিবর্তনের ফলে জি-মেইল ব্যবহারকারীরা প্রয়োজনীয় তথ্য নিজেদের ই-মেইল অ্যাকাউন্ট থেকেই গুগল প্লাস, ইউটিউব বা গুগলের অন্য সাইটগুলোয় খুঁজে পাবে।ব্যক্তিগত তথ্যাদি অনুমতি ছাড়া আদান-প্রদান করা হচ্ছে—গুগলের বিরুদ্ধে গত বছর এমন অভিযোগ ওঠে। এ অভিযোগের ভিত্তিতেই বিশ্বের শীর্ষ এই সার্চ ইঞ্জিন তাদের নীতিমালায় এ পরিবর্তন আনছে।