গুগলের গোপনীয়তার নীতিতে পরিবর্তন আসছে
সার্চ ইঞ্জিন গুগল আগামী মার্চ মাস থেকে ব্যক্তিগত গোপনীয়তার নীতিতে (প্রাইভেসি পলিসি) পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। গুগলের কর্মকর্তা অ্যালমা হুইটেন গতকাল বুধবার এ তথ্য জানান। নতুন এ সিদ্ধান্তের ফলে গুগলের অনুসন্ধান, ই-মেইল, ভিডিও এবং সামাজিক যোগাযোগের মাধ্যম গুগল প্লাসসহ বিভিন্ন ক্ষেত্রে ৬০টি গোপনীয়তার নীতি সমন্বয় করে একটি নীতিমালা তৈরি করা হবে। পরিবর্তিত নীতিমালা কার্যকর হবে আগামী ১ মার্চ থেকে।গুগলের গোপনীয়তা, পণ্য ও প্রকৌশল পরিচালক অ্যালমা হুইটেন বলেন, নতুন এ নীতিমালা কার্যকর হলে গুগল ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় মৌলিক পরিবর্তন আসবে। তিনি আরও বলেন, নীতিমালায় সংস্কারের ফলে ব্যবহারকারীরা খুব সহজেই তাদের প্রয়োজনীয় ও কাঙ্ক্ষিত তথ্য খুঁজে বের করতে পারবে। এ ছাড়া বিজ্ঞাপনদাতারা তাদের ভোক্তাকে সহজেই খুঁজে বের করতে পারবে। নীতিমালায় এ পরিবর্তনের ফলে জি-মেইল ব্যবহারকারীরা প্রয়োজনীয় তথ্য নিজেদের ই-মেইল অ্যাকাউন্ট থেকেই গুগল প্লাস, ইউটিউব বা গুগলের অন্য সাইটগুলোয় খুঁজে পাবে।ব্যক্তিগত তথ্যাদি অনুমতি ছাড়া আদান-প্রদান করা হচ্ছে—গুগলের বিরুদ্ধে গত বছর এমন অভিযোগ ওঠে। এ অভিযোগের ভিত্তিতেই বিশ্বের শীর্ষ এই সার্চ ইঞ্জিন তাদের নীতিমালায় এ পরিবর্তন আনছে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান