গুগলের চশমা নিয়ে নানা আলোচনা
বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের তৈরি ইন্টারনেটনির্ভর চশমা ‘গুগল গ্লাস’ নিয়ে নানা ধরনের আলোচনা-সমালোচনা চলছে। সবচেয়ে বড় অভিযোগ এসেছে ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের বিষয়ে। সম্প্রতি লন্ডনভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ‘স্টপ দ্য সাইবর্গস’ এ অভিযোগ আনে। তবে গুগল গ্লাস পুরোপুরি বন্ধ না করে এতে থাকা রেকর্ডিং সুবিধাটি বন্ধের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। স্টপ দ্য সাইবর্গসের মুখপাত্র জ্যাক বলেন, ‘গুগল গ্লাস বন্ধ করে দিতে হবে, এ বিষয়টি আমরা বলছি না। আমাদের উদ্দেশ্য, মানুষকে প্রযুক্তি ব্যবহারে সামাজিক ও ব্যক্তিগতভাবে সচেতন করা।’ মূলত গুগল চশমা কণ্ঠস্বর দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে। আর এতে করে ব্যবহারকারীদের অজান্তে অনেক গোপনীয় তথ্য রেকর্ড হয়ে যেতে পারে বলে আশঙ্কা স্টপ দ্য সাইবর্গসের।গুগলের তৈরি নানা সুবিধার চশমাটি আগামী বছর বাজারে আসার কথা রয়েছে। ইতিমধ্যে নতুন এ চশমা পরীক্ষা করার জন্য যুক্তরাষ্ট্রের প্রায় আট হাজার ব্যক্তিকে নির্বাচন করা হয়েছে। এতে বিজয়ীরা নির্দিষ্ট একটি অর্থের বিনিময়ে গুগলের চশমাটি ব্যবহার করতে পারবেন পুরোপুরি বাজারে ছাড়ার আগেই। বিশেষভাবে তৈরি চশমার অবয়ব সাধারণ চশমার আদলে হলেও এর ডান দিকে বসানো হয়েছে ছোট আকারের বিশেষ ধরনের কাচ। এর ফলে যাঁরা চশমাটি ব্যবহার করবেন তাঁরা এ কাচেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আরও থাকছে ছবি বা ভিডিও ধারণের পাশাপাশি স্থানীয় আবহাওয়ার তথ্য, গুগল ম্যাপে পথের গন্তব্য, পূর্বনির্ধারিত কাজের তথ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানার সুযোগ। পুরো সুবিধাগুলো কণ্ঠস্বর দিয়েই নিয়ন্ত্রণ করা যাবে। —বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আলম