গুগলের চশমা ব্যবহারে সতর্কতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন পরেছেন গুগল চশমা
গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন পরেছেন গুগল চশমা

বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল সম্প্রতি গ্রাহক পর্যায়ে তাদের তৈরি বিশেষ চশমা ‘গুগল গ্লাস’ বিক্রি শুরু করেছে। এর ফলে যুক্তরাষ্ট্রের আগ্রহী ব্যবহারকারীরা এক হাজার ৫০০ ডলারের বিনিময়ে কিনতে পারছেন গুগল গ্লাস। তবে সাধারণ ব্যবহারকারীদের হাতের নাগালে আসার পরেই গুগল গ্লাস ব্যবহারে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বলা হচ্ছে, গুগল গ্লাস বেশি সময় ধরে চোখে রাখলে চোখব্যথা হতে পারে।
গুগল জানিয়েছে, প্রাথমিকভাবে ব্যবহারকারী এ চশমা ব্যবহার করলে কিছুটা ব্যথার সম্মুখীন হতে পারেন। তবে ধীরে ধীরে ব্যথা কেটে যাবে৷ এটি প্রযুক্তিগত একটি সমস্যা, যার সঙ্গে চোখের সামঞ্জস্য হতে কিছুটা সময় লাগতে পারে। কয়েকজন ব্যবহারকারী চশমাটি ব্যবহার করতে গিয়ে চোখে ব্যথা অনুভব করেন। পরবর্তী সময়ে বিষয়টি প্রকাশ পায়৷ গুগলের একজন মুখপাত্র জানিয়েছেন, যেকোনো পরিধেয় পণ্য, বিশেষ করে প্রযুক্তি সুবিধাযুক্ত পণ্য ব্যবহারকারীর শরীরের সঙ্গে খাপ খেতে কিছুটা সময় লাগে। গুগল গ্লাসের ক্ষেত্রে একই সমস্যা হয়েছে। তবে নিয়মিত এটি ব্যবহার করতে থাকলে কিছুদিনের মধ্যে এ সমস্যার সমাধান হবে বলেও জানান তিনি।
তবে ব্যবহারকারীদের গুগল চশমা ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দ্য কলেজ অব অপটোমেট্রিস্ট ক্লিনিক্যাল উপদেষ্টা ডা. সুসান ব্ল্যাকনে। যেকোনো ব্যবহারকারীকেই গুগল চশমা ব্যবহারের আগে চোখ পরীক্ষার পরামর্শ দিয়ে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে যদি কেউ এটি ব্যবহার করেন, পরবর্তী সময়ে বেশি সময় ধরে বিশ্রাম নেওয়া উচিত হবে। একই ধরনের মতামত ও পরামর্শ দিয়েছেন হার্ভার্ড অপটোমেট্রিস্টের ডা. ইলি পেলি। গুগল গ্লাস ব্যবহার শেষে অনেকের মাথাব্যথাও হয়েছে—এমন অভিযোগের ব্যাপারে ইলি পেলি বলেন, চোখের সঙ্গে যেহেতু মাথার সম্পর্ক আছে, তাই চোখের সঙ্গে চশমার সামঞ্জস্যতা না হলে এমন হতে পারে। দীর্ঘদিন পরে গ্রাহক পর্যায়ে গুগল গ্লাস বাজারে আসার পরেই এমন সমস্যায় বিব্রত গুগল। এর আগে ২০১৩ সালে পরীক্ষামূলকভাবে প্রায় আট হাজার চশমা বিক্রি করেছিল গুগল। —বিবিসি