গুগলের চোখে ২০১০ সালের সেরা ১০ সার্চ
প্রতিবছরের মতো সার্চ ইঞ্জিন গুগল চলতি বছরের সেরা ১০টি তথ্য খোঁজার (সার্চ) তালিকা প্রকাশ করেছে। সম্প্রতি প্রকাশিত তথ্য খোঁজার এ তালিকায় শীর্ষে রয়েছে সরাসরি ওয়েবক্যামযুক্ত ওয়েবসাইট চ্যাটরোলেট। যার মাধ্যমে সারা বিশ্বের যেকোনো স্থান থেকে ইন্টারনেট এবং নিজস্ব ওয়েবক্যামের মাধ্যমে সরাসরি চ্যাট করা সম্ভব। তথ্য খোঁজার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে সরাসরি প্রশ্ন করে উত্তর পাওয়ার ওয়েবসাইট ফর্মস্প্রিং। তৃতীয় স্থানে রয়েছে অ্যাপলের জনপ্রিয় গান শোনার ওয়েবসাইট আইপড, চতুর্থ জনপ্রিয় শিল্পী জাস্টিন বিবার, পঞ্চম ফিফা বিশ্বকাপ ২০১০, ষষ্ঠ ফেসবুক, সপ্তম স্থানে রয়েছে অনলাইন ব্যাংক সান্তান্ডার ব্যাংক, অষ্টম হটমেইল সাইন আপ তথ্য, নবম ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউব এবং দশম স্থানে রয়েছে আবহাওয়ার খবর প্রকাশের ওয়েবসাইট মেটাচেক। ১০ সেরা সার্চের পাশাপাশি বর্তমান সময়ে সেরা আলোচিত বিষয়গুলোকেও উল্লেখ করেছে গুগল। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা সব তথ্য খোঁজার বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। সেরা সংবাদ ক্যাটাগরিতে শীর্ষে রয়েছে যুক্তরাজ্যের নির্বাচন ২০১০, পুরো বছরে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে ফেসবুক বিষয়ের তথ্য ইত্যাদি। সব মিলিয়ে গুগলের এক বছরের পূর্ণাঙ্গ তথ্য খোঁজার বিষয়গুলো এ তালিকায় যুক্ত করা হয়েছে।—দ্য টেলিগ্রাফ অবলম্বনে নুরুন্নবী চৌধুরী