গুগলের ছবি অনুসন্ধানের নতুন নীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল ছবি অনুসন্ধানের ক্ষেত্রে নিজেদের নীতিতে কিছু পরিবর্তন এনেছে। প্রতিষ্ঠানটির দাবি, এর ফলে ব্যবহারকারীর ছবি অনুসন্ধানের সময় পর্নো- জাতীয় ছবিগুলো না চাইলে আর দেখা যাবে না। সম্প্রতি আনুষ্ঠনিকভাবে নতুন এ নীতি চালু করা হয়েছে। নতুন সুবিধার ফলে ব্যবহারকারীরা কোনো ছবি অনুসন্ধান করলে ডান পাশে ‘সেইফ সার্চ’ নামে একটি অপশন পাবেন, যেখানে রয়েছে ‘শো মোস্ট রিলিভেন্ট রেজাল্ট’ এবং ‘ফিল্টার এক্সপ্লিসিট রেজাল্ট’। এখান থেকে ব্যবহারকারী প্রয়োজন অনুসারে যে সুবিধা নির্বাচন করবেন সেভাবেই ছবি আসবে।এই সুবিধার ফলে অস্পষ্ট কোনো শব্দ অনুসন্ধান করলে গুগলের ফলাফলে আগে যেখানে বিভিন্ন ছবির পাশাপাশি পর্নো-জাতীয় ছবি দেখা যেত, এখন তা বাদ দিয়ে নির্ধারিত ফলাফল দেখানো হবে। এ ছাড়া যুক্ত হয়েছে বিশেষ সার্চ টুলস। যাতে রয়েছে কোন সময়ের ছবি, বিষয় অনুযায়ী ফলাফল, কত সাইজের ছবি, কোন রঙের, কোন টাইপের (মুখ, ক্লিপ আপ, ছবি) এবং কীভাবে ব্যবহারকারী দেখতে চান ইত্যাদি। গুগল জানায়, ব্যবহারকারী প্রয়োজন এবং সঠিক বিষয় অনুসন্ধানের মাধ্যমে যা খুঁজছেন আমরা সেটাই খুঁজে দিতে চাই। এর মধ্যে অন্য কোনো ধরনের ফলাফল যাতে না আসে এবং প্রাসঙ্গিক ফলাফল নির্বাচনের জন্য অ্যালগোরিদমে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এ ছাড়া ছবি অনুসন্ধানের সেটিংসটি এখন থেকে ভিডিও এবং ওয়েব অনুসন্ধানের মতোও কাজ করবে। ব্যবহারকারীদের সর্বোচ্চ সুবিধার কথা মাথায় রেখে চালু করা নতুন এ পদ্ধতিটি ইতিমধ্যে বেশ সাড়া জাগিয়েছে। —দি টেলিগ্রাফ ও পিসি ম্যাগাজিন অবলম্বনে কাজী আলম