গুগলের ‘জি স্যুইট’ এখন ওয়ার্কস্পেস
গুগলের জি স্যুইট বদলে যাচ্ছে। এর নতুন নাম হচ্ছে ‘ওয়ার্কপ্লেস।’ দূরে বসে যাঁরা অফিসের কাজ সামলান, তাঁদের কাজ সহজ করতে সফটওয়্যার হাব হিসেবে কাজ করবে ওয়ার্কপ্লেস। গুগল তাদের ওয়ার্কপ্লেসে আরও বেশ কিছু নতুন ফিচার আনছে। ওয়ার্কপ্লেসে যুক্ত হচ্ছে দরকারি নানা অ্যাপ, যার মধ্যে রয়েছে জিমেইল, ক্যালেন্ডার, ড্রাইভ, ডকস, শিটস, স্লাইডস, মিট প্রভৃতি।
গত এপ্রিলে গুগল জানিয়েছিল, তাদের অর্থের বিনিময়ে সেবাগ্রহীতা ব্যবসায়ী গ্রাহক ৬০ লাখ। করোনা মহামারির কারণে ৩০ লাখ একক ব্যবহারকারী গুগল মিট ভিডিও প্ল্যাটফর্ম প্রতিদিন ব্যবহার করছেন।
চার বছর আগে চালু হয়েছিল গুগল জি স্যুইট। গুগল কর্তৃপক্ষ সাম্প্রতিক সেবাগুলোকে একীভূত করার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এতে বিভিন্ন উৎপাদনশীল ও যোগাযোগের অ্যাপকে একক সংযুক্ত ইন্টারফেসে পাওয়া যাবে।
মেইল, চ্যাট, ভিডিও, ভয়েস ও কনটেন্ট ব্যবস্থাপনা একটি স্থান থেকে করা যাবে। নতুন ইন্টারফেসটি গত জুলাইয়ে ঘোষণা দেয় গুগল। এখন ওয়ার্কস্পেস ক্রেতাদের ওই সুবিধাটি দিচ্ছে তারা। শিগগিরই গ্রাহক ও শিক্ষার্থীদের জন্য এটি চালু করবে তারা।
জি স্যুইটের নাম পরিবর্তনের সঙ্গে বদলে যাচ্ছে জিমেইল, ড্রাইভ, ক্যালেন্ডার ও মিট অ্যাপসের লোগো। ওয়ার্কস্পেসের প্রধান হ্যাভিয়ের সলতেরো বলেন, ‘আমাদের নতুন গুগল ওয়ার্কস্পেস ব্র্যান্ড আরও বেশি মানুষকে সংযুক্ত করার পাশাপাশি সহজে কাজের সুযোগ সৃষ্টি করবে। আমাদের নতুন আইকনগুলো তারই প্রতিফলন।’
গুগল তাদের ওয়ার্কস্পেসের জন্য দামের ক্ষেত্রেও পরিবর্তন আনছে। এর দাম শুরু হচ্ছে প্রতি ব্যবহারকারীর জন্য মাসে ৬ ডলার করে।