গুগলের নতুন নানা পণ্যের ঘোষণা

গতকাল বৃহস্পতিবার সানফ্রানসিসকোতে নতুন বেশ কয়েকটি পণ্যের ঘোষণার মধ্য দিয়ে শেষ হয়েছে গুগলের সবচেয়ে বড় ডেভেলপার সম্মেলন ‘গুগল আই/ও ২০১৪’৷ এবারের আয়োজনে প্রায় ছয় হাজার ডেভেলপার ও প্রযুক্তিপ্রেমী অংশ নিয়েছে৷ শেষ দিনে মূল আকর্ষণ ছিল গুগলের থ্রিডি ট্যাবলেট প্রকল্প ট্যাঙ্গো এবং হার্ডওয়্যার পরিবর্তনযোগ্য স্মার্টফোন প্রকল্প আরা৷ সম্মেলনের শুরুর দিনে মূল বিষয় উপস্থাপন করেন গুগলের অ্যান্ড্রয়েড, ক্রোম ও অ্যাপস বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট সুন্দর পিশাই৷ এ সময়ে তিনি বলেন, কম দামের অ্যান্ড্রয়েড ফোন প্রকল্প ‘অ্যান্ড্রয়েড ওয়ান’ মূলত এখন শুধু ভারতের জন্য হলেও খুব শিগগির আরও অনেক উন্নয়নশীল দেশে শুরু হবে৷ অ্যান্ড্রয়েডে ১০০ কোটি ব্যবহারকারী পাওয়ার পর পরবর্তী ৫০০ কোটি লোক যাদের বেশি দামের স্মার্টফোন কেনার সাধ্য নেই, তাদের কথা মাথায় রেখেই এ প্রকল্প শুরু হয়েছে৷ তিনি জানান, ৩০ দিনের সক্রিয়তার হিসাবে বিশ্বে প্রায় ১০০ কোটি মানুষ এখন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন এবং প্রতিদিন দুই হাজার কোটি খুদে বার্তা আর নয় কোটি ৩০ লাখ সেলফি তুলছেন৷ শুধু তা-ই নয়, ফোনে কোনো নোটিফিকেশন এসেছে কি না, সেটি দেখার জন্য গড়ে ১০ হাজার কোটিবার ফোন দেখেন এসব ব্যবহারকারী৷
এবারের সম্মেলনে ঘোষণা করা হয়েছে অ্যান্ড্রয়েডের পরিধানযোগ্য প্রকল্প৷ এর মধ্যে রয়েছে ঘড়ি, টেলিভিশন, গাড়ি ইত্যাদি৷ অ্যান্ড্রয়েড টিভির সঙ্গে স্মার্টফোন, ট্যাবলেট কিংবা অ্যান্ড্রয়েড ঘড়ি সমান তালে কাজ করতে পারবে৷ তবে এসব অ্যান্ড্রয়েড-ভিত্তিক টেলিভিশন বা গাড়ি কবে নাগাদ বাজারে আসবে, সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানা যায়নি৷ সম্মেলনের শেষ দিন অংশগ্রহণকারী সবাইকে উপহার হিসেবে একটি করে ‘এলজি জি’ অথবা ‘স্যামসাং গিয়ার লাইভ’ মডেলের অ্যান্ড্রয়েড পরিধানযোগ্য স্মার্টঘড়ি দেওয়া হয়৷ এ ছাড়া এই বছরের শেষের দিকে আই/ও অংশগ্রহণকারীদের ঠিকানায় পৌঁছে যাবে আরও একটি মটো৩৬০ অ্যান্ড্রয়েড স্মার্টঘড়ি৷ এ ছাড়া প্রসেসর নির্মাতা ইন্টেলের ছোট এক অনানুষ্ঠানিক আই/ও পার্টিতে সবাইকে একটি করে ট্যাবলেট পিসি দেওয়া হয়৷ অনুষ্ঠানে একই দিনে সম্মেলনের মূল চত্বরে ছিল সদ্য ঘোষিত অ্যান্ড্রয়েড অটোচালিত দুটি গাড়ি৷ গাড়িগুলো দিয়ে সরাসরি ব্যবহারের অভিজ্ঞতা নেন আগ্রহীরা৷ গুগলের স্মার্ট ঘর ঠান্ডা করার যন্ত্র নেস্ট, অ্যান্ড্রয়েড টিভি ও অ্যান্ড্রয়েডের নতুন গেমিংয়ের স্টলগুলোয় ছিল দারুণ ভিড়৷ আই/ওর জন্য জনপ্রিয় কমেডি শো ‘স্পিচলেস’-এর মঞ্চায়ন করা হয়৷ এই দিন গুগল ডেভেলপার গ্রুপ ঢাকা আর প্রেনারল্যারে পক্ষে গুগল ফর এন্ট্রাপ্রেনিউরের ব্রিজেট বিমের সঙ্গে মিটিংয়ে দেশের উদ্যোক্তাদের সঙ্গে গুগলের আরও ভালোভাবে কাজ করার জন্য আলোচনা হয়৷ সব সেশন শেষে জিডিজি সদস্যদের নিজে যাওয়া হয় গুগলের সানফ্রানসিসকো ক্যাম্পাসে সেন্ড অফ পার্টিতে৷ গুগল ডেভেলপার গ্রুপের মাধ্যমে নিজ নিজ দেশ ও কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে শেষ হয় অ্যান্ড্রয়েডময় গুগল আই/ও ২০১৪৷ —আরিফ নিজামী, সানফ্রানসিসকো (যুক্তরাষ্ট্র) থেকে