গুগলের নতুন সেবা ‘গুগল ড্রাইভ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের বিভিন্ন সেবার সঙ্গে এবার যোগ হলো ‘গুগল ড্রাইভ’ নামের নতুন সেবা। এর মাধ্যমে বিনা মূল্যে পাঁচ গিগাবাইটের অনলাইন ড্রাইভ ব্যবহার করা যাবে। এতে প্রয়োজনীয় ছবি, ভিডিওচিত্র, অনলাইন বিভিন্ন কনটেন্ট ইত্যাদি রাখার পাশাপাশি এ সেবার মাধ্যমে ডিজিটাল ডেটা, মিউজিক এবং ফটো অনলাইনে সুরক্ষিত রাখাও সম্ভব। এ ছাড়া স্মার্টফোন এবং ট্যাবলেটেও ‘গুগল ড্রাইভ’ সহজেই ব্যবহার করা যাবে। সম্প্রতি ক্লাউডভিত্তিক এ সেবাটি চালুর পাশপাশি গুগলের বিনা মূল্যে ই-মেইল সেবা জি-মেইলের জায়গা ৭.৫ গিগাবাইট থেকে বাড়িয়ে ১০ গিগাবাইট করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ক্লাউডভিত্তিক জনপ্রিয় সেবা ড্রপবক্স, মাইক্রোসফটের স্কাই ড্রাইভ, অ্যাপলের আই ক্লাউডের পাশাপাশি গুগল নতুন এ সেবাটি চালু করল। শুরুতে এ সেবাটি শুধু অ্যান্ড্রয়েডচালিত ডিভাইস, পিসি, ম্যাক কম্পিউটারের জন্য ব্যবহার করা যাবে। পরবর্তী সময় আইফোন, আইপ্যাডে ব্যবহারের সুযোগ চালু হবে বলে জানা গেছে। গুগলের ক্রোম ও অ্যাপস বিভাগের ভাইস প্রেসিডেন্ট সুন্দার পেচাই বলেন, গুগল ড্রাইভ চালু হচ্ছে ব্যবহারকারীদের জন্য নতুন কিছু তৈরি করতে, শেয়ার করতে এবং প্রয়োজনীয় ফাইল, ভিডিও, ছবি, গুগল ডকস, পিডিএফ জমা রাখতে। বিনা মূল্যে পাঁচ গিগাবাইট জায়গার পর বাড়তি জায়গা ২৫ গিগাবাইটের জন্য মাসে ২.৪৯ ডলার, ১০০ গিগাবাইটের জন্য মাসে ৪.৯৯ ডলার এবং ১ টেরাবাইটের জন্য মাসে ৪৯.৯৯ ডলার দিয়ে পাওয়া যাবে বাড়তি জায়গার সুযোগ।—টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আশফাক আলম