গুগলের পকেটে 'ওয়েজ'!

একশো কোটি মার্কিন ডলারে ইসরায়েলভিত্তিক জিপিএস মোবাইল নেভিগেশন অ্যাপ্লিকেশন ‘ওয়েজ’ কিনে নিচ্ছে অনুসন্ধান সেবাদাতা গুগল। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেজ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, একশো কোটি মার্কিন ডলারের কাছাকাছি দামে গুগল ও ওয়েজ কর্তৃপক্ষ সমঝোতা করেছে।
ওয়েজ হচ্ছে বিশ্বব্যাপী গাড়ি চালকদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। এ অ্যাপ্লিকেশনটির সাহায্যে রাস্তায় পথ চিনে চলা ও ঘটনার আপডেট জানা সম্ভব হয়। বিশ্বে বর্তমানে ওয়েজ অ্যাপ্লিকেশন ব্যবহারকারীর সংখ্যা ৪ কোটির বেশি।
অবশ্য গুগল ও ওয়েজের মধ্যকার চুক্তি নিয়ে গুগল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
এর আগে প্রযুক্তিবিষয়ক কয়েকটি ওয়েবসাইটে ওয়েজ কেনার বিষয়ে অ্যাপল, ফেসবুক ও গুগলের আগ্রহের খবর প্রকাশিত হয়েছিল।
প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, গুগল ম্যাপের সঙ্গে ওয়েজ যুক্ত করে উন্নত ম্যাপ ও যোগাযোগ সুবিধা আনতে পারে গুগল। পাশাপাশি অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন হিসেবেও ওয়েজকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে পারে গুগল।