গুগলের বাজবিষয়ক মামলা নিষ্পত্তির প্রস্তাব
সার্চ ইঞ্জিন গুগল তার সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক বাজের বিরুদ্ধে করা মামলার নিষ্পত্তির জন্য ৮৫ লাখ ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে। গত ফেব্রুয়ারি মাসে বাজ ওয়েবসাইট চালু করা হয়। চালু হওয়ার পরই বাজ সব জি-মেইল ব্যবহারকারীকে তালিকাভুক্ত করেছে। এতে অনেক জি-মেইল ব্যবহারকারী আপত্তি জানিয়েছে। তাদের বেশ কয়েকজন বাজের বিরুদ্ধে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ এনে আদালতে মামলা করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের অফিস গুগল তার সার্চ ফলাফলকে কীভাবে নিজের স্বার্থসিদ্ধির কাজে ব্যবহার করছে, সে ব্যাপারে তদন্ত চালাচ্ছে। গত জুলাই মাসে এই তদন্ত শুরু হয়। গুগল সার্চ ফলাফলকে যেভাবে ব্যবহার করছে, তা টেক্সাস অঙ্গরাজ্যের অ্যান্টি ট্রাস্ট আইন ভঙ্গ করছে কি না, তা খতিয়ে দেখবে অ্যাটর্নি জেনারেলের অফিস। ফাউনডেম, সোর্সটুল ও মাইট্রিগারস নামে তিনটি কোম্পানির অভিযোগের ভিত্তিতে অ্যাটর্নি জেনারেলের অফিস এই তদন্ত শুরু করে। গুগলের ডেপুটি জেনারেল কাউনসেল ডন হ্যারিসন কোম্পানির ব্লগে লিখেছেন, ‘তদন্তের ব্যাপারে আমরা অ্যাটর্নি জেনারেলের অফিসকে যথাসাধ্য সহযোগিতা করছি।’ তবে তিনি অভিযোগ করেন, তাঁদের প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফট করপোরেশন গুগলের বিরুদ্ধে অভিযোগ আনতে সহায়তা দিয়েছে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান