গুগলের বিজ্ঞান মেলায় সেরা ‘স্তন ক্যান্সারের প্রকল্প’
বিজ্ঞান মেলা উপলক্ষে ১৩ থেকে ১৮ বছর বয়সী তরুণদের মধ্যে আয়োজিত বিজ্ঞান প্রকল্পের ফলাফল ঘোষণা করেছে গুগল। ২৩ জুলাই গুগলের প্রধান অফিস মাউনটেন ভিউ ক্যালিফোর্নিয়ায় আয়োজিত দ্বিতীয় বার্ষিক ‘গুগল বিজ্ঞান মেলায়’ বিজয়ী হয়েছেন যুক্তরাষ্ট্রের ব্রিটনি ওয়েঙ্গার। স্তন ক্যান্সার বিষয়ে প্রকল্প জমা দিয়ে ‘গ্র্যান্ড প্রাইজ’ জিতেছেন ১৭ বছর বয়সী এ তরুণী। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট।গুগলের এ বিজ্ঞান মেলার এটি ছিল দ্বিতীয় আয়োজন। এ বার্ষিক প্রতিযোগিতাটিতে অংশ নিতে ১৩ থেকে ১৮ বছর বয়সী প্রতিযোগীরা জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে অনলাইনে তাদের প্রকল্প জমা দেন। এবারের আয়োজনে প্রায় ১০০টিরও বেশি দেশ থেকে গুগলের কাছে প্রকল্প জমা পড়েছিল। গুগল কর্তৃপক্ষ এসব প্রকল্পের মধ্য থেকে ১৫ টি প্রকল্প চূড়ান্তভাবে বাছাই করে । এই ১৫টি প্রকল্প ২৩ জুলাই গুগলের প্রধান অফিসে প্রদর্শিত হয়। এরপর ১৫ জনের মধ্য থেকে বয়সভিত্তিক তিনটি বিভাগে প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় এবং সেরা প্রকল্পটিকে দেয়া হয় গ্রান্ড প্রাইজ বা সেরার পুরস্কারটি। পুরস্কৃতদের মধ্যে ‘গ্লোবাল নিউরাল নেটওয়ার্ক ক্লাউড সার্ভিস ফর ব্রেস্ট ক্যান্সার’ প্রকল্পের জন্য ‘গ্রান্ড প্রাইজ’ পেয়েছেন ব্রিটনি ওয়েঙ্গার। ১৩ থেকে ১৪ বছর বয়স বিভাগে পুরস্কার জিতেছে যুক্তরাষ্ট্রের জোনা কন। শ্রবণ প্রতিবন্ধীদের জন্য শব্দের তারতম্য বুঝে গান শোনার প্রকল্প জমা দিয়েছিল জোনা। ১৫ এবং ১৬ বছর বয়স বিভাগে স্পেনের ইভান হারভিস রদ্রিগেজ, মার্কোস ওচায়ো ও সার্জিও পাসকল মিঠা পানির জীবাণু নিয়ে প্রকল্প জমা দিয়ে পুরস্কার জিতেছেন। ১৭ থেকে ১৮ বছর বয়স বিভাগে পুরস্কারের পাশাপাশি সেরা প্রকল্পের পুরস্কার পেয়েছেন ব্রিটনি।