গুগলের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু
ইউরোপীয় কমিশন সার্চ ইঞ্জিন গুগলের বিরুদ্ধে অন্য কয়েকটি সার্চ ইঞ্জিনের আনা একটি অভিযোগের ব্যাপারে তদন্ত শুরু করেছে। অন্য সার্চ ইঞ্জিনগুলোর অভিযোগ, গুগল তার আধিপত্যের সুযোগে নানা ধরনের সুবিধা নিচ্ছে এবং তাদের সার্চ রেজাল্টকে নিজের স্বার্থসিদ্ধির কাজে লাগিয়েছে। গুগল সত্যিই এ ধরনের কোনো সুযোগ নিচ্ছে কি না, তা খতিয়ে দেখবে ইউরোপীয় কমিশন। ফাউন্ডেমসহ বেশ কয়েকটি সংগঠন এ অভিযোগ করে। গুগল অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে। তবে প্রতিষ্ঠানটি বলেছে, তদন্তে তারা ইউরোপীয় কমিশনকে সহায়তা দেবে। চলতি বছরের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল গুগলের বিরুদ্ধে আনা একই ধরনের অভিযোগ তদন্ত করেন। তখন অবশ্য অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। ইউরোপীয় কমিশন এক বিবৃতিতে জানায়, তদন্তে কোনো ধরনের ফাঁক রাখা হবে না বা পক্ষপাতিত্ব করা হবে না। এ ব্যাপারে তারা শতভাগ সৎ থাকবে। বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞাপনী সংস্থা ডব্লিউপিপির প্রধান নির্বাহী স্যার মার্টিন সরেল ইউরোপীয় কমিশনের তদন্তের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এসব অভিযোগ সত্য প্রমাণিত হলে, তা হবে খুবই দুঃখজনক। একটি বড় প্রতিষ্ঠান হিসেবে গুগলের আরও দায়িত্বশীল হওয়া উচিত। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান