গুগলের বিরুদ্ধে মামলা করলেন বেটিনা ভুলফ
জার্মানির সাবেক প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান ভুলফের স্ত্রী বেটিনা ভুলফ অনুসন্ধান সেবাদাতা গুগলের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার অভিযোগ. গুগলের সার্চ ইঞ্জিনে তাঁর নাম লেখা হলে কিছু আপত্তিকর শব্দ গুগলের সার্চ ইঞ্জিনে দেখানো হয়।গুগলের সার্চ ইঞ্জিনে দেখানো শব্দগুলো মিসেস ভুলফের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলছে এবং মানুষজন তাঁর সম্পর্কে খারাপ ভাবছে বলেই মনে হয়েছে তাঁর। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।গুগলের সার্চ ইঞ্জিনে বেটিনা ভুলফ লেখা হলে গুগল সার্চ ইঞ্জিন থেকে ‘প্রস্টিটিউট’, ‘রেড লাইট ডিসট্রিক্ট’ এ জাতীয় শব্দ খোঁজার জন্য প্রস্তাব দেয়। এ প্রসঙ্গে গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্টারনেট ব্যবহারকারীরা গুগল সার্চ ইঞ্জিনে যা অনুসন্ধান করেন সে সংশ্লিষ্ট স্বয়ংক্রিয় টেক্সট দেখায় সার্চ ইঞ্জিন।এদিকে জার্মানির সংবাদপত্র জুডয়চে সাইটুং জানিয়েছে, মিসেস ভুলফের বিয়ের আগের জীবন নিয়ে অনলাইন ও বিভিন্ন সংবাদমাধ্যমে বিভিন্ন গুজব ছড়িয়েছে। সংবাদপত্রটি আরও জানিয়েছে, গুগল সার্চের কারণে তাঁর নামে গুজব ছড়ানোর কারণে ক্ষেপে গিয়েই এ মামলা করেছেন তিনি। পাশাপাশি তাঁর নামে ছড়ানো সব ধরনের গুজবকে অস্বীকারও করেছেন।উল্লেখ্য, ২০১২ সালে জাপানে তাঁর নামের সঙ্গে আপত্তিকর বিষয় লক্ষ্য করে গুগলের বিরুদ্ধে মামলা করেছিল এক ব্যক্তি । আদালত গুগলকে ওইসময় ‘অটোকমপ্লিট’ অপশনটি সরিয়ে ফেলার নির্দেশ দেন।