গুগলের মানচিত্রে পুরো তাজমহল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুগলের স্ট্রিটভিউতে তাজমহল
গুগলের স্ট্রিটভিউতে তাজমহল

বিশ্বের সপ্তাশ্চর্যের একটি হলো ভারতের আগ্রার তাজমহল। সারা বিশ্বের পর্যটকদের কাছেই এটি দর্শনীয় এক স্থাপনা। ১৩ ফেব্রুয়ারি গুগল ম্যাপসের স্ট্রিটভিউতে যুক্ত হয়েছে। গুগল ট্রেকারের মাধ্যমে তাজমহলের সৌন্দর্য উপভোগ করা যাবে ইন্টারনেটেই। তাজমহলকে গুগলের মানচিত্রে পুরোপুরি দেখাতে গুগল ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তিও করেছে।
ব্যাকপ্যাক ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়েছে তাজমহলের। ক্যামেরাটির ওজন ৪০ পাউন্ড। এর ১৫টি লেন্স প্রায় সবদিকের ছবি তুলতে সক্ষম। ছবিগুলো একটি সফটওয়্যারের মাধ্যমে একত্র হয়ে ৩৬০ ডিগ্রি কোণে সম্পূর্ণ তাজমহল দেখাবে।
তাজমহলের সবদিকে পর্যটকেরা যেতে পারেন না। কিন্তু ভারত সরকার এই ক্যামেরাটি বহন করে সবদিকের ছবি তোলার অনুমতি দিয়েছে। এর মাধ্যমে পর্যটকেরা আগে যে সবদিক দেখতে পারেননি, এখন তা উপভোগ করতে পারবেন। তিন বছর আগে গুগল এই ক্যামেরা নিয়ে তাজমহলের অভ্যন্তরের ছবি তুলতে চেয়েছিল। কিন্তু নিরাপত্তার কথা বিবেচনা করে তখন অনুমতি দেওয়া হয়নি। কিন্তু পরবর্তী সময়ে তারা অনুমতি পেয়ে যায়।
গুগলের পণ্য ব্যবস্থাপক সুরেন রুহেলা বলেন, ‘আমরা এই স্ট্রিটভিউয়ের ডিজিটাল রেকর্ড তৈরি করছি, যা আজীবন সংরক্ষিত থাকবে। এটি সব প্রজন্মের জন্য।’ —বিবিসি অবলম্বনে তন্ময় দেবনাথ