গুগলের মূল পাতায় আসছে পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বসেরা সার্চ ইঞ্জিন গুগল নতুন বছরে নিজেদের মূল পাতায় (হোমপেজ) পরিবর্তন আনছে। গত বছর সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চালু করে নিজেদের সামাজিক যোগাযোগের সাইট গুগল প্লাস। এর পর থেকেই নানা মাধ্যমে নিজেদের শীর্ষে রাখতে কাজ করে যাচ্ছে গুগল। এরই ধারাবাহিকতায় গুগলের তথ্য খোঁজার মূল পাতায় পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে। গুগল হোমপেজের বাঁ পাশে একটি বার যোগ করা হয়েছে, যেখানে থাকছে গুগলের বিভিন্ন সেবার তালিকা। এ পরিবর্তন বিজ্ঞাপনদাতাদের আকৃষ্ট করতে করা হয়েছে বলে মনে করছেন প্রযুক্তি বাজারের বিশেষজ্ঞরা।হোমপেজের শীর্ষে লম্বাভাবে থাকা বারটিতে আনা হচ্ছে পরিবর্তন। এর আগে বারটি ছিল একেবারে ওপরে। বর্তমানে বাঁ পাশে থাকা গুগলের লোগোয় ক্লিক করলেই চলে আসে গুগলের সাতটি সেবার নাম। এ ছাড়া সবার শেষে থাকা লিংকে ক্লিক করলে চলে আসে অন্য আরও সেবার নাম ও লিংক। এর ফলে ব্যবহারকারীরা মূল পাতা থেকে দ্রুত নিজের পছন্দের সেবাটি নিতে পারবে। এর পাশে যথারীতি আগের মতোই রয়েছে গুগলের সার্চ বক্স। পরীক্ষামূলকভাবে চালু হওয়া এ পরিবর্তন সীমিত ব্যবহারকারী পাচ্ছে বলে জানিয়েছে গুগল। এ সুবিধা অনেকটা গুগলের তৈরি ক্রোমবুকের মতোই দেখা যায়। তবে শুরুতে সব গ্রাহক এ হোমপেজ দেখার সুযোগ পাবে না। অন্যান্য সার্চ ইঞ্জিনের মূল পাতার চেয়ে গুগলের এ পরিবর্তন বেশ ভালো বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, অন্যান্য সার্চ ইঞ্জিন যেখানে নিজেদের মূল পাতায় নানা বিষয় যুক্ত করেছে, সেখানে গুগল নতুন ডিজাইনটিও রেখেছে বেশ আকর্ষণীয়ভাবে।—বিবিসি অবলম্বনে কাজী আশফাক আলম