গুগলের লাঠি-ক্যামেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স্কদের হাঁটার সঙ্গী লাঠি। সে লাঠিতে যুক্ত হচ্ছে প্রযুক্তি। সম্প্রতি অনুসন্ধান সেবাদাতা গুগল লাঠিতে ক্যামেরা প্রযুক্তির পেটেন্ট আবেদন করেছে। এ লাঠি মাটি স্পর্শ করলেই ছবি তুলতে সক্ষম হবে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডিসকভারি নিউজ।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, গুগলের নতুন উদ্ভাবন এ ‘লাঠি ক্যাম’। গুগলের পেটেন্ট আবেদনে বলা হয়েছে, লাঠিতে বিশেষ ধরনের সেন্সর যুক্ত থাকবে যা লাঠি ব্যবহারকারীর অবস্থানগত তথ্য জানাতে সক্ষম হবে। লাঠির ওপরের অংশে একটি ক্যামেরা থাকবে। এ ছাড়াও লাঠির বিভিন্ন স্থানে থাকবে নানা কাজের সেন্সর। লাঠির মাঝে বসানো থাকবে বিশেষ প্রসেসর। লাঠির বিভিন্ন সেন্সর সক্রিয় করার জন্য হাতের কাছেই থাকবে বিশেষ সুইচ। লাঠিটি বেত, রড বা ধাতব পদার্থ ব্যবহার করে তৈরি করা হতে পারে। এর আগে গুগলের লাঠি ক্যামের মতো আরেকটি লাঠি প্রযুক্তি তৈরির ঘোষণা দিয়েছিল জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতা ফুজিত্সু। লাঠির সঙ্গে স্যাট-ন্যাভ বা স্যাটেলাইট নেভিগেশন প্রযুক্তি যুক্ত করার কথা জানিয়েছিল প্রতিষ্ঠানটি। ফেব্রুয়ারি মাসে বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এ প্রযুক্তি লাঠি প্রদর্শন করেছিলেন ফুজিত্সুর গবেষকেরা। এ লাঠিতে থ্রিজি, ওয়াই-ফাই, জিপিএস ব্যবহারের সুবিধা রয়েছে। লাঠির ওপরের অংশে রয়েছে এলইডি ডিসপ্লে। বয়স্কদের চলার পথে লাঠিটি সঙ্গে থাকলে পথ হারানোর আশঙ্কা থাকবে না। লাঠিটি হূত্স্পন্দন ও শরীরের তাপমাত্রা পরীক্ষা করতে থাকবে। চলার পথে বিপদে পড়লে এ লাঠি ব্যবহার করে ইমেইল করা যাবে।বয়স্কদের জন্য বিশেষভাবে তৈরি করা হলেও শৌখিন যেকেউ এটা ব্যবহার করতে পারবেন।