গুগলের লোগোতে গেমস!
বিশ্বসেরা সার্চ ইঞ্জিন গুগল নিয়মিতভাবেই নিজেদের লোগোতে আনে পরিবর্তন। বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের জন্মদিন, বিশেষ দিবস, বিশেষ আয়োজনসহ নানা কারণেই গুগলের লোগোতে আসে পরিবর্তন। এবারের অলিম্পিকে শুরু থেকেই বিভিন্ন ইভেন্টের খেলাগুলোকে নিয়ে বিশেষ লোগো তৈরি করেছে গুগল। এর মধ্যে গত তিনদিনের লোগোতে ছিল একটু আলাদা পরিবর্তন। গত বৃহস্পতিবার গুগলের লোগোতে ছিল বিশেষ বাইচ প্রতিযোগিতা। এছাড়া মঙ্গলবার গুগলের লোগোতে ছিল ১০০ মিটার দৌড়ের বিশেষ আয়োজন! এতে শুধু ডান/বাম কী এবং স্পেসবার ব্যবহার করে দৌড়ে অংশ নেওয়ার বিশেষ সুবিধা রাখা হয়েছিল! এতে করে নির্দিষ্ট দূরত্ব পার হওয়ার পর কত সেকেন্ড সময় নিয়ে ব্যবহারকারী পার হলেও সেটিও দেখা গেছে। এ ছাড়া গত বুধবার বাস্কেটবলের বিশেষ খেলার আদলে ছিল গুগলের লোগোতে। এতে গেমটি চালু করে শুধু স্পেসবারের মাধ্যমেই খেলা গেছে বাস্কেটবল। আর নির্দিষ্ট সময় কতটি বল জালে আটকানো গেছে সেটিও জানতে পেরেছেন ব্যবহারকারীরা। তবে সাময়িক বিনোদন দিতে গিয়ে এ ধরনের গেমস অফিসের কর্মকর্তাদের সময় নষ্ট করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের গেম অফিসের কাজেরও অনেক ক্ষতি করছে বলে মনে করছেন প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা। এর আগে সংগীতজ্ঞ লেস পালের ৯৬তম জন্মদিন উপলক্ষে গুগলের লোগোকে সাজানো হয়েছিল বিশেষ গিটার আকারে, যেখানে কিবোর্ড ব্যবহার করেই গিটার বাজাতে পেরেছেন ব্যবহারকারীরা। তবে যুক্তরাজ্যের এক ওয়েবসাইটের জরিপে দেখা গেছে, এই গিটার গেমস খেলতে গিয়ে প্রায় ১০.৭ মিলিয়ন ঘণ্টা খরচ করেছেন! যা অর্থের ক্ষতি করেছে প্রায় ১৬৬ মিলিয়ন পাউন্ড! তবে এ বিষয়টি এত বড় করে দেখার কিছু নেই বলে মন্তব্য গুগল কর্তৃপক্ষের। তাদের মতে, নিছক সাময়িক সময়ের বিনোদনের জন্যই গুগলের এ আয়োজন। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আশফাক আলম