গুগলের সঙ্গে ইনটেলের দোস্তি!
উইন্ডোজ কম্পিউটারের সঙ্গে ইনটেলের যে অবিচ্ছেদ্য সম্পর্ক তা শিথিল হতে যাচ্ছে। এবারে গুগলের সঙ্গে আরও গুরুত্ব নিয়ে কাজ করতে যাচ্ছে ইনটেল। গবেষকেরা জানিয়েছেন, গুগলের অ্যান্ড্রয়েড পণ্যের সঙ্গে ইনটেলের দ্রুতগতির প্রসেসর যুক্ত হবে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট।যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, কম্পিউটারের বাজারে দীর্ঘদিন ধরেই মাইক্রোসফট ও ইনটেলের একচ্ছত্র আধিপত্য ছিল। ইনটেল এবারে মাইক্রোসফট ছাড়াও অন্যান্য প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে গুরুত্ব দিয়ে প্রযুক্তির উন্নয়ন ঘটাতে যাচ্ছে।বাজার গবেষকেদের ধারণা, শিগগিরই ইনটেলের চিপ নির্ভর অ্যান্ড্রয়েড ল্যাপটপ ও ট্যাবলেট বাজারে আসবে। এ পণ্যগুলোর দাম হবে ২০০ মার্কিন ডলার থেকে ৫০০ মার্কিন ডলারের মধ্যেই। কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আসুস ও এসার ইনটেলের প্রসেসরনির্ভর অ্যান্ড্রয়েড পণ্যগুলো বাজারে আনতে পারে।বাজার গবেষকেরা জানিয়েছেন, উন্নয়নশীল দেশগুলোর কথা মাথায় রেখেই সাশ্রয়ী প্রযুক্তিপণ্য তৈরিতে ইনটেল ও গুগল ভবিষ্যত্ পরিকল্পনা করছে।