গুগলের সরাসরি গান শোনার সেবা চালু
সার্চ ইঞ্জিন গুগলের সরাসরি গান শোনার নতুন সেবা চালু হয়েছে। এর ফলে গুগল প্লের মিউজিক বিভাগে থাকা এক লাখেরও গান খুব সহজেই শুনতে পারবে আগ্রহীরা। এ পদ্ধতিকে ‘রেডিও উইদাউট রুলস’ নামে অভিহিত করেছে প্রতিষ্ঠানটি। এর ফলে গুগল সরাসরি গান শোনার অন্যান্য প্রতিষ্ঠান স্পটিফাই, এক্সবক্স মিউজিক, আরডিও, প্যান্ডোরার মতো প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় যুক্ত হলো।
নতুন এ সেবা চালু করলেও এটি বিনা মূল্যে পাওয়া যাবে না। আগ্রহী ব্যক্তিরা শুরুতে বিনা মূল্যে ৩০ দিন এ সেবা ব্যবহারের সুযোগ পাবে। পরবর্তী সময়ে প্রতি মাসে সাবস্ক্রিপশন ফি বাবদ ৯ দশমিক ৯৯ ডলার খরচ করতে হবে বলে জানিয়েছে গুগল। গান শোনার এ সুবিধা গুগলের তৈরি মোবাইলের মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড-যন্ত্রের পাশাপাশি ওয়েবসাইট দেখার সফটওয়্যারের (ব্রাউজার) মাধ্যমে পাওয়া যাবে। তবে আপাতত এ সুবিধা শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে। সেবা পাওয়া যাবে http://play.google.com/about/music ঠিকানার ওয়েবসাইট থেকে।
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে গতকাল শুক্রবার শেষ হওয়া তিন দিনের গুগল ডেভেলপারদের সর্বোচ্চ সম্মেলন গুগল আই/ও-তে নানা সেবার মধ্যে নতুন এ সেবার ব্যাপারে জানানো হয়। এর পাশাপাশি আরও অনেক নতুন সেবা চালু করেছে গুগল। গুগলের সামাজিক যোগাযোগ সাইট গুগল প্লাসে এসেছে পরিবর্তন। যুক্ত হয়েছে সরাসরি ওয়েব চ্যাট করার হ্যাংআউট সুবিধা। তথ্য খোঁজার ক্ষেত্র আর গুগল ম্যাপসের জন্য বেশ কিছু নতুন সুবিধা চালুর ঘোষণা এসেছে। —বিবিসি অবলম্বনে কাজী আলম
আগামীকাল দেখুন: আপডেট