গুগলের সাশ্রয়ী ট্যাব জুলাইতে
সাত ইঞ্চি মাপের একটি ট্যাবলেট তৈরি করেছে গুগল। মে মাস নাগাদ গুগলের এ ট্যাবলেটটি বাজারে আসার কথা ছিল। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, যারা শিগগিরই গুগলের ট্যাবলেটটি কেনার আশা করছিলেন, তঁাদের আরও তিন মাস অপেক্ষায় রাখছে গুগল। জুলাই মাসে বাজারে আসবে গুগলের এই নতুন ট্যাবলেট। তবে সবুরে মেওয়া ফলে-কথাটা ঠিক রাখতেই যেন গুগল তার দেরিতে আসা নতুন ট্যাবলেটটির দাম কমাবে। শোনা যাচ্ছে, আগে যেখানে ২৯৯ ডলার দাম রাখা হবে বলে বলা হচ্ছিল, সেখানে মাত্র ১৯৯ ডলারে বিক্রি হবে গুগলের এ ট্যাবলেট।গুগলের নতুন এই ট্যাবলেট সম্পর্কে এক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, সাশ্রয়ী দামের কারণে বর্তমানে বাজারে থাকা আমাজনের কিন্ডল ফায়ার নামের ট্যাবলেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হবে গুগলের ট্যাবলেট।উল্লেখ্য, ৭ ইঞ্চি মাপের কিন্ডল ফায়ার ট্যাবলেটের দামও ১৯৯ ডলার। বাজারে ৭ ইঞ্চি মাপের কম দামি ট্যাবলেটের মধ্যে রয়েছে ১৬৯ ডলার দামে বার্নস অ্যান্ড নোবেলের তৈরি নুক কালার ট্যাব। তুলনামূলকভাবে বাজারের জনপ্রিয় ৯.৭ ইঞ্চি মাপের নিউ আইপ্যাডের দাম ৪৯৯ ডলার।গুগলের নতুন এ ট্যাবলেট তৈরিতে আসুস কাজ করতে পারে বলেও খবর রটেছে। নতুন এ ট্যাবলেটে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৪.০ বা আইসক্রিম স্যান্ডউইচ ব্যবহূত হতে পারে। তবে বিশ্লেষকেরা ধারণা করছেন, গুগল এ ট্যাবলেট বাজারে আনতে দেরি করার পেছনে আরেকটি কারণ রয়েছে, তা হলো অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ `জেলি বিন'। নতুন ট্যাবলেটে জেলি বিন যুক্ত করতে পারে গুগল।এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে নতুন ট্যাবলেট বিক্রির জন্য গুগল আগে-ভাগে প্রস্তুতিও নিয়ে রেখেছে। তাদের নতুন এ ট্যাবলেট বিক্রির জন্য অনলাইন স্টোর খোলার কথাও জানিয়েছে গুগল।