গুগলের স্বাস্থ্যবিষয়ক অ্যাপ

এবার স্বাস্থ্যবিষয়ক অ্যাপ্লিকেশন (অ্যাপ) সেবা চালু করবে গুগল। ‘গুগল ফিট’ নামের এ অ্যাপের জন্য এরই মধ্যে ব্যবহারকারীদের কাছ থেকে নানা ধরনের স্বাস্থ্যবিষয়ক তথ্যও সংগ্রহ করছে বিশ্বখ্যাত এ সার্চ ইঞ্জিন। ধারণা করা হচ্ছে, গুগল ফিট ২৫ ও ২৬ জুন অনুষ্ঠেয় গুগল ডেভেলপারদের বার্ষিক সম্মেলন গুগল আই/ও-তে আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। গত সপ্তাহে অনুষ্ঠিত অ্যাপলের ডেভেলপার সম্মেলনে আইওএস ৮-এ হেলথকিট নামের সেবা যুক্ত হওয়ার পরেই গুগল এ ধরনের কাজে যুক্ত হচ্ছে বলে খবর প্রকাশিত হয়। গত মাসে স্যামসাংও একই ধরনের স্বাস্থ্যবিষয়ক অ্যাপ চালু করেছে। ধারণা করা হচ্ছে, গুগল ফিট পোশাকের সঙ্গে ব্যবহার করা যাবে। এর সাহায্যে হৃদ্স্পন্দন থেকে শুরু করে হাঁটা, ফিটনেসের অন্যান্য বিষয় গুগল ক্লাউডে সংরক্ষণ করে রাখা যাবে। তবে এটি কি পরবর্তী অ্যান্ড্রয়েড সংস্করণে, নাকি আলাদা অ্যাপ হিসেবে গুগল প্লে স্টোরে আসবে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
গুগল আই/ও-র বিভিন্ন আয়োজনের সময়সূচি অনুযায়ী পরিধেয় কম্পিউটার পণ্য, অ্যান্ড্রয়েড অ্যান্ড ক্লাউডসহ বেশ কয়েকটি পর্ব রয়েছে। এর মধ্যে যেকোনো একটিতে গুগল ফিটের ঘোষণা আসতে পারে। মূলত গুগলের তৈরি এই স্বাস্থ্য অ্যাপ অ্যান্ড্রয়েডচালিত স্মার্ট ঘড়িতে ব্যবহার করা হতে পারে। খ্যাতনামা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর স্বাস্থ্যবিষয়ক এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তাঁদের মতে, কত সহজে প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীরা নানা ধরনের স্বাস্থ্যসেবা পেতে পারে সে বিষয়টি খুবই জরুরি। আর এ কাজটি এখন বিশ্বসেরা প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো করছে, যা সত্যিই বেশ ভালো খবর। তবে, পুরো বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি গুগল। —ফোর্বস অবলম্বনে কাজী আলম