গুগলের ‘প্রযুক্তি চশমা’!
‘এক্স ল্যাব’ নামে গুগলের কথিত গোপন এক পরীক্ষাগারে তৈরি হচ্ছে গুগল চশমা। ২০১১ সালের ডিসেম্বর মাসে এমন গুজব ছড়িয়েছিল। সত্যি সত্যিই গুগল এমন চশমা আনছে বলেই সম্প্রতি জানিয়েছে নাইন-টু-ফাইভ গুগলডটকম।সর্বাধুনিক প্রযুক্তির এ চশমা হবে অনেকটাই টার্মিনেটর ছবিতে দেখানো ডিসপ্লে অথবা গেইমের হেড আপ ডিসপ্লের (এইচইউডি) মতো। টার্মিনেটর ধাঁচের এ চশমার সামনের অংশে থাকছে একটি ক্যামেরা। এ ক্যামেরায় রয়েছে ফ্ল্যাশ সুবিধা। ছবি তোলার পরপরই সে ছবি দেখাতে সক্ষম এ চশমা। এতে আরও থাকছে কণ্ঠস্বর শনাক্তের সুবিধা, যা অনেকটা কম্পিউটারের সিপিইউ ইউনিটের মতো কাজ করবে। গুগলের অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসের মতো এতে মেমোরি ও ডেটা সংরক্ষণের সুবিধাও থাকবে।চশমার ডিসপ্লে নেভিগেশনে করতে বিভিন্নভাবে মাথা নাড়াতে হবে। এর এইচইউডি অপশনটি কেবল একচোখে কাজ করবে। গুগলের তৈরি এ চশমা সম্পর্কে অনেকের আগ্রহ থাকলেও ডিভাইসটি বাণিজ্যিকভাবে বাজারে আনা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি গুগল।২০১১ সালের ডিসেম্বরে গুগল বিশেষজ্ঞ সেথ ওয়েনট্রাবের বরাতে ডেইলি মেইল জানিয়েছিল গুগলের এ চশমার কথা। ওয়েনট্রাব তখন বলেছিলেন, সাধারণ রোদ চশমার মতোই স্বচ্ছ হবে গুগলের এই চশমা। তবে চশমার কাচে থাকবে কম্পিউটার ইন্টারফেস। গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত চশমার সঙ্গে গুগলের অন্যান্য ডিভাইসগুলোরও সংযোগ থাকবে।