গুগলের ‘মোবিলিটি’ ক্রয়ে অ্যান্ড্রয়েড বাজার অস্থির
এত দিন অ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং অ্যাপ্লিকেশন নিয়ে দারুণ নিরাপত্তাহীনতায় ভুগত মাইক্রোসফট। কিন্তু গুগল যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান মটোরোলার মোবাইল ফোনসেট নির্মাণ ইউনিট ‘মোবিলিটি’ কিনে নেওয়ার পর নিরাপত্তাহীনতা এখন ভর করেছে এইচটিসি, স্যামসাংয়ের মতো অ্যান্ড্রয়েড সেট নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর ওপর। একই সঙ্গে ব্যাপারটি নিয়ে চাপে রয়েছে এশিয়ার দ্রুত বর্ধনশীল পুরো অ্যান্ড্রয়েড সেটের বাজার। কারণ, স্যামসাং, এইচটিসির মতো প্রতিষ্ঠানে যে অ্যান্ড্রয়েড সেট তৈরি হয় সেগুলো পুরোটাই গুগলের মোবাইল অপারেটিং সিস্টেমের ওপর নির্ভরশীল।গুগল মটোরোলার মোবিলিটি কিনে নেওয়ার পর ওয়ালস্ট্রিট খুব দ্রুতই এই ব্যাপারে মাইক্রোসফটকে ‘বিজয়ী’ হিসেবে ঘোষণা করেছে। তারা বলেছে এতে ব্যবসায়িকভাবে মাইক্রোসফট দারুণ লাভবান হল। তারা চলে গেল সুবিধাজনক অবস্থানে।এ ব্যাপারে একজন বাজার বিশ্লেষক বলেছেন, ‘মটোরোলার মোবিলিটি কিনে নেওয়ার পর বাজারের বাকি অ্যান্ড্রয়েড নির্মাতারা এখন দ্রুত বুঝতে পারবে, তারা হঠাত্ গুগলের ওপর কী রকম নির্ভরশীল হয়ে পড়েছে। গুগলের ব্যবসায়িক চিন্তা-ভাবনা এখন তাদের ব্যবসাকেও প্রভাবিত করবে।’ তিনি আরও বলেন, ‘স্যামসাং, এইচটিসি ও সনি এরিকসনের মতো প্রতিষ্ঠানগুলো এ নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে। তারা এখন অন্যকিছুর সন্ধান করবে। আমি নিশ্চিত যে তারা কোনোভাবেই গুগলের ওপর নির্ভরশীল হয়ে থাকতে চাইবে না।’এদিকে স্যামসাং, এইচটিসি, সনি এরিকসন ও এলজির মতো অ্যান্ড্রয়েড নির্মাণকারীরা গুগলের মটোরোলার মোবিলিটি কিনে নেওয়ার ব্যাপারটিকে অবশ্য স্বাগতই জানিয়েছে। তবে বাজার বিশ্লেষকেরা প্রতিষ্ঠানগুলোর এ বক্তব্যের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেছে, এ প্রতিষ্ঠানগুলো সম্প্রতি যেভাবে অ্যান্ড্রয়েড নিয়ে উঠে পড়ে লেগেছে, তা থেকে এখন তারা সরে আসবে।এ মুহূর্তে বিশ্বের স্মার্টফোনের বাজারের ৪৩ দশমিক চার ভাগ সম্পূর্ণভাবেই অ্যান্ড্রয়েডের দখলে বলে জানা গেছে। রয়টার্স।