গুগলের ‘সামার অব কোড’-এর নিবন্ধন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরের মতো এ বছরও নতুন সফটওয়্যার তৈরি বা সফটওয়্যারের উন্নয়নে কাজ করার সুযোগ দিচ্ছে গুগল। ওপেন সোর্সভিত্তিক সফটওয়্যার নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোকে পৃষ্ঠপোষকতা করার জন্য গুগল প্রতিবছর আয়োজন করে ‘গুগল সামার অব কোড’ নামে এই প্রোগ্রামের। নতুন সফটওয়্যার ও সফটওয়্যারের উন্নয়নে গুগলের সঙ্গে কাজ করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের জন্য এই প্রোগ্রামটি সুবর্ণ সুযোগ।এ অনুষ্ঠানটির জন্য সারা বিশ্ব থেকে প্রতিবছর অনলাইনে ওপেন সোর্স সফটওয়্যার তৈরির সুযোগ দেওয়া হয় বিশ্ববিদ্যালয়-পড়ুয়া তরুণ শিক্ষার্থীদের, যাদের বয়স কমপক্ষে ১৮ পূর্ণ হয়েছে। সফটওয়্যার তৈরির কাজ সফলভাবে সম্পন্ন করতে পারলে নগদ অর্থের পাশাপাশি পুরস্কার হিসেবে দেওয়া হয় গুগলের সার্টিফিকেট বা সনদ। এ ছাড়া কৃতীদের জন্য রয়েছে গুগল ও খ্যাতনামা সব সফটওয়্যার প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ। ২০০৫ সাল থেকে এ অনুষ্ঠানটির আয়োজন করে আসছে গুগল।চলতি বছরের ‘সামার অব কোড’ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য নিবন্ধন শুরু হয়েছে। এ প্রোগ্রামের আওতায় বিশ্বের যেকোনো প্রান্ত থেকে শিক্ষার্থীরা বিনা মূল্যে নিবন্ধন করতে পারবেন। ২৭ মার্চ মঙ্গলবার থেকে নিবন্ধন শুরু হয়ে চলবে ৬ এপ্রিল পর্যন্ত। নিবন্ধনের জন্য পছন্দের যেকোনো সফটওয়্যারের জন্য প্রপোজাল লিখে সামার অব কোড ওয়েবসাইটের মাধ্যমে জমা দিতে হবে। ২০১২ সালের জন্য ১৮০টি প্রকল্প নির্বাচিত করা হবে বলেই গুগল তাদের ওয়েবসাইটে উল্লেখ করেছে। প্রতিযোগিতাটি অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, কারণ এখানে একাধিক প্রকল্প জমা দেওয়ার সুযোগ রয়েছে। তবে সংখ্যার চেয়ে প্রকল্পের মান ভালো করার জন্যই গুগলের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়েছে। যাঁরা এবারের সামার অব কোড প্রোগ্রামে অংশ নিতে চান, গুগল তাঁদের জন্য ওয়েবসাইটে দরকারি কিছু পরামর্শ দিয়ে রেখেছে। ভালো মানের প্রকল্প তৈরিতে এ পরামর্শ কাজে লাগবে বলেই জানিয়েছে গুগল। এ ছাড়া গুগল প্লাস ব্যবহার করে ২ এপ্রিল ওপেন সোর্স প্রোগ্রাম ম্যানেজার ক্রিস ডিবোনার সঙ্গে গুগল স্টুডেন্টস পেজের মাধ্যমে হ্যাংআউট করারও সুযোগ রেখেছে গুগল।২৩ এপ্রিল সামার অব কোড ওয়েবসাইটে নির্বাচিত প্রকল্পগুলোর তালিকা প্রকাশ করা হবে বলেই প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।গুগল সামার অব কোড ওয়েবসাইটের লিংক:http://www.google-melange.com/gsoc/homepage/google/gsoc2012এ-সংক্রান্ত আরো তথ্য জানা যাবে:http://code.google.com/soc/ লিংকে।